মক্কা চুক্তিকে দীর্ঘমেয়াদি প্রতিরক্ষা অংশীদারত্ব বললেন সৌদি বাদশাহ

অনলাইন ডেস্ক
তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের সাম্প্রতিক প্রতিরক্ষা চুক্তিকে দীর্ঘমেয়াদি অংশীদারত্বের ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। তিনি বলেছেন, এ চুক্তির মাধ্যমে তিন দেশের সহযোগিতা বাড়বে এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার সক্ষমতা আরও শক্তিশালী হবে।

সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার মক্কায় ত্রিপক্ষীয় সম্মেলনে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে সই করে। মঙ্গলবার জেদ্দায় মন্ত্রিসভার বৈঠকে বাদশাহ সালমান চুক্তিটির গুরুত্ব তুলে ধরেন। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) তার বক্তব্য প্রকাশ করেছে।

বাদশাহ সালমান বলেন, মক্কার এই বৈঠক তিন দেশের ঐতিহাসিক সম্পর্ক ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে অভিন্ন কৌশলগত স্বার্থকে এগিয়ে নেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

চুক্তির আওতায় তিন দেশ প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো, যৌথ নিরাপত্তা জোরদার এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে।

মক্কা চুক্তিটি মূলত সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে এক বছর আগে স্বাক্ষরিত একটি প্রতিরক্ষা চুক্তির ভিত্তিতে গড়ে উঠেছে। আঞ্চলিক কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ভবিষ্যতে আরও দেশ এই উদ্যোগে যুক্ত হতে পারে। সে ক্ষেত্রে এটি বৃহত্তর সম্মিলিত নিরাপত্তা ও প্রতিরোধব্যবস্থায় রূপ নিতে পারে।

চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো, তিন দেশের যেকোনো একটি আক্রান্ত হলে সেটিকে তিন দেশের বিরুদ্ধেই হামলা হিসেবে বিবেচনা করা হবে। এই ব্যবস্থা অনেকটা ন্যাটোর পারস্পরিক প্রতিরক্ষা নীতির সঙ্গে তুলনীয়। তবে নতুন এই জোটের পূর্ণাঙ্গ কাঠামো ও কার্যপ্রণালি এখনও চূড়ান্ত হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights