বৃষ্টিপাতে উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি

অনলাইন ডেস্ক
বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বুধবার (১২ আগস্ট) পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে।

পাউবো জানায়, পর্যবেক্ষণাধীন নদ-নদীর মধ্যে দুটি নদীর দুটি স্টেশনে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদী এবং হবিগঞ্জের বাপ্পায় খোয়াই নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী তিন দিন দেশের অভ্যন্তরে ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগ এবং তৎসংলগ্ন উজান এলাকায় মাঝারি থেকে মাঝারি ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা আরও ঘনীভূত হতে পারে।

পাউবো জানায়, গত ২৪ ঘণ্টায় মনু, ধলাই ও খোয়াই নদীর পানি সমতল বেড়েছে। খোয়াই নদীর পানি আগামী একদিন স্থিতিশীল থেকে পরবর্তী দুই দিন কমতে পারে। অন্যদিকে মনু ও ধলাই নদীর পানি আগামী একদিন বাড়ার পর পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকতে পারে।

পূর্বাঞ্চলীয় ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, সেলোনিয়া, ফেনী, হালদা ও সাঙ্গু নদীর পানি সমতলও বেড়েছে। তবে মাতামুহুরী নদীর পানি কমেছে। এসব নদীর পানি আগামী একদিন বাড়তে পারে এবং পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীগুলোর পানি সমতল কমেছে। এ প্রবণতা আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে।

অন্যদিকে ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতলও কমেছে, যা আগামী পাঁচ দিন অব্যাহত থাকতে পারে। তবে গঙ্গা-পদ্মা নদীগুলোর পানি সমতল বেড়েছে এবং এ বৃদ্ধি আগামী পাঁচ দিন অব্যাহত থাকতে পারে। এসব নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে পাউবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights