কোন সময়ে পোস্ট করলে বাড়বে দর্শক, ফেসবুকের নতুন অ্যাপেই মিলবে উত্তর

কনটেন্ট নির্মাতাদের কাজ আরও সহজ করতে নতুন অ্যাপ চালু করেছে ফেসবুক। আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের জন্য ‘ক্রিয়েটর স্টুডিও’ নামে আলাদা এই অ্যাপে যুক্ত করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক বিভিন্ন সুবিধা। কনটেন্টের কার্যকারিতা বিশ্লেষণ থেকে শুরু করে দর্শক বাড়ানোর পরামর্শও দেবে অ্যাপটি।

কয়েক সপ্তাহ পরীক্ষামূলক ব্যবহারের পর বুধবার অ্যাপটি আনুষ্ঠানিকভাবে চালু করেছে ফেসবুক। নতুন এই অ্যাপে রয়েছে এআইভিত্তিক ক্রিয়েটর সহকারী। নির্মাতার কনটেন্টের ধরন, দর্শকের আগ্রহ এবং পোস্টের ফলাফল বিশ্লেষণ করে ব্যক্তিগতভাবে বিভিন্ন পরামর্শ দেবে এই সহকারী।

কনটেন্টের ফলাফল বুঝতে এখন নির্মাতাদের আলাদা করে বিভিন্ন পরিসংখ্যান বিশ্লেষণ করতে হবে না। সরাসরি জানা যাবে, দিনের কোন সময়ে পোস্ট করলে বেশি দর্শক পাওয়া যেতে পারে। কোন পোস্ট ভালো করছে, সেটিও জানা যাবে। পাশাপাশি দর্শকের মন্তব্য সম্পর্কেও তথ্য দেবে অ্যাপটি। প্রয়োজনে এআই সহকারীকে সরাসরি প্রশ্নও করতে পারবেন নির্মাতারা।

মন্তব্য ব্যবস্থাপনাতেও এআই সুবিধা রাখা হয়েছে নতুন অ্যাপটিতে। গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো আলাদা করে দেখানোর পাশাপাশি প্রয়োজন হলে মন্তব্যের সম্ভাব্য উত্তরও তৈরি করে দেবে এটি। নির্মাতারা চাইলে সেই উত্তর সম্পাদনা করে প্রকাশ করতে পারবেন।

প্রতিদিন অ্যাপ চালু করলে একটি অগ্রাধিকার তালিকা দেখা যাবে। সেখানে সর্বশেষ পোস্টের ফলাফল এবং নির্ধারিত লক্ষ্য পূরণের অগ্রগতির তথ্য থাকবে। কোন মন্তব্যের উত্তর দেওয়া প্রয়োজন, সেটিও জানিয়ে দেবে অ্যাপটি।

কনটেন্ট নির্মাতাদের জন্য ফেসবুকের এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। টিকটক ও ইউটিউবের সঙ্গে প্রতিযোগিতায় নির্মাতাদের নিজেদের প্ল্যাটফর্মে আরও সক্রিয় রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে কনটেন্ট তৈরি ও বিশ্লেষণে অন্য প্রতিষ্ঠানের এআই টুলের ওপর নির্মাতাদের নির্ভরতা কমাতেও অ্যাপটি ভূমিকা রাখতে পারে।

তবে আপাতত যুক্তরাষ্ট্র ও কানাডায় আইফোন ও আইপ্যাড ব্যবহারকারী নির্মাতাদের জন্য অ্যাপটি চালু করা হয়েছে। পরবর্তী সময়ে অন্য দেশেও এর ব্যবহার বাড়ানো হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights