একদিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট
অনলাইন ডেস্ক
যান্ত্রিক ত্রুটির কারণে একদিন বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।
বর্তমানে এই ইউনিট থেকে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
শনিবার সকাল ৯টা ৪৩ মিনিটে ইউনিটটির উৎপাদন পুনরায় চালু করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক।
তিনি জানান, বর্তমানে ১ নম্বর ইউনিট থেকে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।
কেন্দ্র সূত্রে জানা যায়, শুক্রবার সকালে হঠাৎ ১ নম্বর ইউনিটের একটি পাম্পে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।
পরে নিরাপত্তার কারণে ইউনিটটির উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ত্রুটি মেরামত শেষে শনিবার সকালে আবারও উৎপাদন শুরু হয়।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে বর্তমানে ৩ নম্বর ইউনিটও চালু রয়েছে। এই ইউনিট থেকে জাতীয় গ্রিডে ১৭০ থেকে ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
অন্যদিকে কেন্দ্রের ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকে বন্ধ রয়েছে। ফলে বর্তমানে চালু থাকা ১ ও ৩ নম্বর ইউনিটের উৎপাদন দিয়েই কেন্দ্রটি বিদ্যুৎ সরবরাহ করছে।
