গাইবান্ধায় গাড়িচাপায় বৃদ্ধের মৃত্যু
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ীতে গাড়িচাপায় আব্দুল বারী আকন্দ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন বেতকাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান।
এর আগে শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের উপজেলার সাকোয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল বারী ওই এলাকার মৃত মহির আকন্দের ছেলে।
চেয়ারম্যান ও স্থানিয়রা জানান, শুক্রবার রাত ৮টার দিকে বাজার থেকে বাড়ি ফিরছিলেন আব্দুল বারী। এ সময় গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের সাকোয়া ব্রিজ এলাকায় রাস্তা পারাপারের সময় একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
বেতকাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, ওইসময় বাজার থেকে বাড়ি ফিরছিলেন আব্দুল বারী। পথে রাস্তা পারাপারের সময় একটি গাড়ি তাকে চাপা দেয়। পরে হাসপাতাল নেওয়ার পথে তার মৃত্যু হয়।
