‘জুলাইয়ের চেতনাকে ধারণ করে বহুদলীয় গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে হবে’

গাজীপুর প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, জনগণের শক্তি সম্পর্কে ফ্যাসিস্টরা ধারণা করতে পারে না। এ কারণে তারা বারবার ভুল করে। জুলাই হচ্ছে দীর্ঘদিনের সঞ্চিত ক্ষোভের চূড়ান্ত বহিঃপ্রকাশ। জুলাইয়ের চেতনাকে হৃদয়ে ধারণ করে বহুদলীয় গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে হবে, যাতে পুনরায় ফ্যাসিবাদের আগমন না ঘটে।

রবিবার দুপুরে গাজীপুরের বোর্ডবাজারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘জুলাইয়ের চেতনা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘ফ্যাসিবাদের লোকজন এখনো অনেক আছে, বিভিন্ন জায়গায় তারা ঘোরাফেরা করছে। তাদের প্রচুর অর্থ ও বিত্ত আছে। বিপুল টাকা দিয়ে তারা সামাজিক যোগাযোগমাধ্যম প্রচণ্ডভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করছে।’

ইতিহাসের ছাত্র হিসেবে এমন পতিত স্বৈরাচারের প্রত্যাবর্তন হয় না উল্লেখ করে তিনি বলেন, এ ক্ষেত্রে সবার দায়িত্ব আছে। জুলাইয়ের চেতনাকে ধারণ করে সঠিকভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, ‘আমরা যদি ভুল করি, একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে না পারি, গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো নির্মাণ করতে না পারি, একটি গণতান্ত্রিক সমাজ তৈরি করতে না পারি, তাহলে ফ্যাসিবাদ আবার অন্য কোনো পথ ধরে, অন্য কোনো চোরাগলি দিয়ে আসার চেষ্টা করবে।’

রিজভী বলেন, ফ্যাসিবাদীরা যা করেছে, তার বিপরীত কাজ করতে হবে। তারা দলীয়করণ, আত্মীয়করণ ও আওয়ামীকরণ করেছে; দেশের রাজকোষ শূন্য করেছে, ব্যাংক লুটপাট করেছে এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে। এসবের বিপরীত কাজ করলেই সফল হওয়া সম্ভব।

তিনি বলেন, ‘একদিন গণতন্ত্র আমাদের মাটির গভীরে প্রোথিত হবে এবং রাষ্ট্রও একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে।’

পতিত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে রিজভী বলেন, গত ১৭ বছর বিশ্ববিদ্যালয়গুলোতে কথা বলার সুযোগ ছিল না, ভিন্নমতের সুযোগ ছিল না। ভিন্নমতের শিক্ষকরা নানাভাবে আক্রান্ত হয়েছেন, তাদের চাকরি চলে গেছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. লুৎফর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ ও ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights