‘অটোরিকশা নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি কঠোরভাবে দমনের চেষ্টা চলছে’
অনলাইন ডেস্ক
রাজধানীতে অটোরিকশা নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি কঠোরভাবে দমনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাসুদ করিম।
রবিবার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) কার্যালয়ে স্থানীয় ব্যবসা-বাণিজ্য, আইনশৃঙ্খলা, যানজট পরিস্থিতির উন্নয়ন ও ট্রেড লাইসেন্স সেবা নিয়ে আয়োজিত আলোচনা ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ডিসিসিআই ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) যৌথভাবে এ সভার আয়োজন করে। সভায় লাইসেন্স নবায়ন সেবা সপ্তাহের উদ্বোধন এবং নবায়ন করা ট্রেড লাইসেন্স বিতরণ করা হয়।
অটোরিকশা নিয়ন্ত্রণের বিষয়ে মাসুদ করিম বলেন, যন্ত্রচালিত অটোরিকশা নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। এ নিয়ে নীতিমালা প্রণয়নের কাজ চলছে এবং সমস্যাটির স্থায়ী সমাধানের চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে সরকারের উচ্চপর্যায়ও অত্যন্ত আন্তরিক।
যানজট নিরসনে ট্রাফিক ক্যামেরা সচল করার উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, যানজট নিরসনে ট্রাফিক ক্যামেরাগুলো সচল করা হবে। আমরা ক্যামেরাগুলো সচল করতে চাই।
রাজধানীকে নিরাপদ করার বিষয়ে তিনি বলেন, ঢাকাকে একটি নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে কাজ চলছে। ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে ধীরে ধীরে বড় পরিবর্তন দৃশ্যমান হবে।
চাঁদাবাজি প্রসঙ্গে ডিএমপির এই কর্মকর্তা বলেন, চাঁদাবাজির বিষয়গুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। পুলিশ সদস্যদের চাঁদাবাজির বিরুদ্ধে অত্যন্ত কঠোরভাবে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম। স্বাগত বক্তব্য দেন ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ।
