লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা

অনলাইন ডেস্ক
লাওসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটি-২০২৬’-এর উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আসাদ আলম সিয়াম। এ সময় বাংলাদেশ দূতাবাস, হ্যানয় ও ভিয়েনতিয়েনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত লুৎফুর রহমানকে আন্তরিক সংবর্ধনা দেওয়া হয়।

বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সভাপতি মাজহারুল হক (এডি) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে কমিটির নেতৃবৃন্দসহ লাওসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে লাওসে বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং নিরাপদ ও সুন্দর কর্মপরিবেশ নিয়ে আলোচনা হয়।প্রবাসীরা ব্যাংকিং সেবা ও ব্যাংকের শাখা সম্প্রসারণ, চিকিৎসা ও হাসপাতাল সেবা, কর্মসংস্থান, প্রশাসনিক সহযোগিতা এবং প্রয়োজনীয় নাগরিক সুবিধার বিষয়ে বিভিন্ন দাবি ও মতামত তুলে ধরেন।

প্রবাসীরা যাতে সহজে ও নিরাপদে বৈধ কর্মসংস্থানের সুযোগ পান এবং প্রয়োজনীয় প্রশাসনিক ও নাগরিক সেবা গ্রহণ করতে পারেন, সে বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় বক্তারা বলেন, প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতি ও ভাবমূর্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি উন্নয়ন ও অগ্রগতিতে অবদান রাখছে। তাই বিদেশের মাটিতে প্রবাসীদের নিরাপদ ও সম্মানজনক পরিবেশে কাজের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।

রাষ্ট্রদূত লুৎফুর রহমান প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে প্রবাসীদের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির নেতৃবৃন্দও প্রবাসীদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন। তারা দূতাবাস, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কমিউনিটি নেতৃবৃন্দের পারস্পরিক সহযোগিতায় লাওসে বসবাসরত বাংলাদেশিদের সমস্যা সমাধান এবং তাদের জীবনযাত্রা ও কর্মপরিবেশ উন্নত করার আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights