‘ফিলিস্তিনিরা মানুষ নয়, প্রতিদিন ৩০-৪০ জনকে হত্যা করা উচিত’

অনলাইন ডেস্ক

সাধারণ ফিলিস্তিনিদের মানুষ নয় বলে আখ্যা দিয়ে প্রকাশ্যে নিয়মিত গণহত্যার ইঙ্গিতপূর্ণ বক্তব্য দিয়ে চরম বিতর্কের জন্ম দিয়েছেন ইসরায়েলের উগ্র-ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির।

গাজায় বন্দি থাকা সাবেক জিম্মি রম ব্রাসলাভস্কির পডকাস্টে রবিবার (১৬ আগস্ট) এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।

সাক্ষাৎকারে তারা গাজায় ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযান কমানোর বিষয়ে আলোচনা করছিলেন। বেন-গভির বলেন, ‘এটা কোনো গোপন বিষয় নয় যে, আমি প্রধানমন্ত্রীর সঙ্গে একমত নই। আমি মনে করি, গাজায় লক্ষ্য করে গুপ্তহত্যা চালানো উচিত। প্রতিরাতে ৩০ থেকে ৪০ জনকে হত্যা করা উচিত। যারা হুমকি সৃষ্টি করে শুধু তারাই নয়, সেখানে এমন লোকও আছে যারা জীবন পাওয়ার যোগ্য নয়। তাদের বেঁচে থাকা উচিত নয়। তারা মানুষই নয়।’

এই ভয়াবহ বক্তব্যের ভিডিও ও তথ্য প্রকাশ্যে আসার পর ফিলিস্তিনি গণমাধ্যমসহ আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলার ক্ষেত্রে এই ধরনের মন্তব্য গণহত্যার মনোভাবের (জেনোসাইডাল ইন্টেন্ট) সরাসরি প্রমাণ।

ইসরায়েলি সামরিক বাহিনীকে বেন-গভির সরাসরি কোনো নির্দেশ দিতে পারেন না। তিনি গাজায় সরাসরি সামরিক হামলার আদেশের সঙ্গেও সম্পৃক্ত নন। তবে উগ্র ডানপন্থী গোষ্ঠীর সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকা এই নেতা বর্তমানে ইসরায়েলের রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী। তিনি নেতানিয়াহু সরকারের বড় নিয়ন্ত্রক হিসেবেও কাজ করছেন।

এর আগেও একাধিকবার ফিলিস্তিনিদের প্রতি চরম বিদ্বেষমূলক মন্তব্য করে আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর সমালোচনার মুখে পড়েছিলেন বেন-গভির। তার এই নতুন বক্তব্য গাজায় ইসরায়েলি বাহিনীর বিচারবহির্ভূত হত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগকে আরও জোরালো করে তুলল।

সূত্র: এপি, আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights