তারকা সমাবেশ নয়, ঘরের ড্রয়িংরুমেই কেন বিয়ে করলেন রোনালদো?

স্পোর্টস ডেস্ক

তারকাদের বিয়ে মানেই জাঁকজমকপূর্ণ আয়োজন, বিলাসবহুল ভেন্যু আর অতিথিদের বড় সমাবেশ—এমন ধারণাই প্রচলিত। তবে সেই পথে হাঁটেননি পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেসকে নিয়ে ঘরোয়া পরিবেশেই বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তিনি।

গত ১১ আগস্ট নিজেদের বাড়ির বসার ঘরে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে করেন রোনালদো ও জর্জিনা। কেন এতটা ব্যক্তিগত পরিসরে বিয়ের আয়োজন, তা সম্প্রতি ভোগ-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন জর্জিনা।

জর্জিনা জানান, ছোটবেলায় তার স্বপ্ন ছিল রাজকীয় আয়োজনে বিয়ে করার। দুর্গ, বিলাসবহুল গাড়ি, দীর্ঘ বিয়ের পোশাক ও হীরার মুকুট সবই ছিল সেই কল্পনার অংশ। তবে সময়ের সঙ্গে বদলেছে তার ভাবনাও।

জর্জিনার ভাষায়, এখন তিনি সঙ্গী ও সন্তানদের নিয়ে নিজেদের বাড়িতে একটি অন্তরঙ্গ অনুষ্ঠানই চেয়েছেন। তার মতে, বিলাসবহুল ভেন্যু, দ্বীপ কিংবা দামি গাড়ি তাদের নাগালের মধ্যে থাকলেও পরিবারের সঙ্গে নিজেদের বাড়িতে কাটানো এমন একটি ব্যক্তিগত মুহূর্তই বেশি বিশেষ।

কেন ড্রয়িংরুম?
বাড়ির ড্রয়িংরুমটি বেছে নেওয়ার পেছনেও রয়েছে আবেগঘন কারণ। জর্জিনা জানান, এই জায়গাতেই পরিবারের সবাই প্রতিদিন একসঙ্গে খাবার খান এবং তাদের পারিবারিক জীবনের নানা স্মৃতি জড়িয়ে আছে।

তিনি বলেন, ভবিষ্যতে সন্তানরা যেন বলতে পারে, এই টেবিলেই তাদের বাবা-মা বিয়ের শপথ নিয়েছিলেন—এমন একটি স্মৃতি তৈরি করতেই ঘরের বসার ঘরকে বিয়ের জন্য বেছে নিয়েছেন তিনি।

জর্জিনার এই আবেগঘন বক্তব্যের মাঝেই অবশ্য রোনালদো মজা করে বলেন, টেবিলটি হয়তো ভবিষ্যতে আর একই থাকবে না। কারণ সময়ের সঙ্গে ঘরের সাজসজ্জা বদলে যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights