দেশে ফেরার বদলে ইসরায়েল ছাড়ছেন নাগরিকরা, কারণ কী?

অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি

ইসরায়েলে সাম্প্রতিক বছরগুলোতে বিদেশ থেকে দেশে ফিরে আসা নাগরিকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। একই সময়ে দেশ ছেড়ে যাওয়ার প্রবণতা বেড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ।

সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি দেশটির নেসেটের গবেষণা ও তথ্যকেন্দ্রের একটি প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানায়।

নেসেটের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে ইসরায়েলে ফিরে আসা বাসিন্দার সংখ্যা ৫৩ শতাংশ কমেছে। ২০২০ সালে যেখানে প্রায় ৮ হাজার ইসরায়েলি দেশে ফিরেছিলেন, ২০২৪ সালে সেই সংখ্যা কমে প্রায় ৩ হাজার ৮০০-তে দাঁড়ায়—যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সর্বনিম্ন।

প্রতিবেদন অনুযায়ী, ২০০৮ থেকে ২০১২ সালের মধ্যে বছরে গড়ে প্রায় ৯ হাজার ৩০০ ইসরায়েলি দেশে ফিরতেন। ২০১৩ থেকে ২০২০ সালের মধ্যে এই সংখ্যা কমে বছরে প্রায় ৭ হাজার ৪০০-তে দাঁড়ায়। ২০২৩ সালে ফেরত আসার সংখ্যায় সবচেয়ে বড় পতন ঘটে।

দেশে ফেরার প্রবণতা কমার পাশাপাশি ইসরায়েল থেকে মানুষের দেশত্যাগও বেড়েছে। দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত ইসরায়েলের অভিবাসন ঘাটতি প্রায় ১ লাখ ৪০ হাজারে পৌঁছেছে। অর্থাৎ, দেশটিতে আসা মানুষের তুলনায় ওই সময়ে দেশ ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি ছিল।

ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, ইসরায়েলিদের দেশে ফিরে আসার ক্ষেত্রে আমেরিকা মহাদেশ দীর্ঘদিন ধরে সবচেয়ে বড় উৎস। ২০০৫ থেকে ২০২৪ সালের মধ্যে দেশে ফিরে আসা ইসরায়েলিদের প্রায় অর্ধেকই উত্তর আমেরিকা থেকে ফিরেছেন। এছাড়া ব্রিটেন, জার্মানি ও ফ্রান্স থেকে ফিরেছেন প্রায় ১৩ শতাংশ এবং রাশিয়া ও ইউক্রেন থেকে ফিরেছেন প্রায় ৬ শতাংশ।

তবে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসা ইসরায়েলির সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২০ সালে প্রায় ৩ হাজার ৭০০ জন যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে ফিরলেও ২০২৪ সালে এ সংখ্যা কমে প্রায় ১ হাজার ৫০০ জনে দাঁড়ায়।

প্রতিবেদনে দেশে ফিরে আসার ক্ষেত্রে বিভিন্ন প্রশাসনিক, অর্থনৈতিক ও সামাজিক সমস্যার কথাও উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রাষ্ট্রীয় স্বাস্থ্যবীমা পেতে দীর্ঘ অপেক্ষা, নতুন অভিবাসীদের তুলনায় কম সুযোগ-সুবিধা, কর্মসংস্থানের সমস্যা এবং সন্তানদের শিক্ষাব্যবস্থায় একীভূত হওয়ার জটিলতা রয়েছে।

অন্যদিকে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে ২০২২ সালে ওই দুই দেশ থেকে ইসরায়েলে ফেরত আসা মানুষের অনুপাত বেড়েছিল। ওই বছর মোট ফেরত আসা নাগরিকদের মধ্যে ইউক্রেন থেকে আসা মানুষের হার ছিল ৯ শতাংশ এবং রাশিয়া থেকে ৮ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights