ঘোড়াঘাটে ১১৩৭ পিস ইয়াবাসহ দুইজন আটক

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে ১ হাজার ১৩৭ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। স্থানীয় কুলানন্দপুর মাদক নির্মূল কমিটির সহযোগিতায় রবিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দপুর দক্ষিণপাড়া এলাকায় করতোয়া নদীর বিশ্বনাথের ঘাটের চরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন নবাবগঞ্জ উপজেলার কবলীপাড়া গ্রামের রফিকুল ইসলাম (৫৭) ও শাকিল মিয়া (২০)।

পুলিশ জানায়, করতোয়া নদীর চরে একটি নৌকার ওপর ইয়াবা বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন ওই দুই ব্যক্তি। বিষয়টি জানতে পেরে স্থানীয় মাদক নির্মূল কমিটির সদস্যরা তাদের অবরুদ্ধ করে পুলিশকে খবর দেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ রুবানা তানজিন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ ও ঘোড়াঘাট থানার ওসি মো. শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।

এ সময় তাদের কাছ থেকে নীল রঙের পলিথিনে মোড়ানো ছয়টি ছোট প্যাকেট থেকে ১ হাজার ১৩৭ পিস ইয়াবা জব্দ করা হয়।

ঘোড়াঘাট থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, কুলানন্দপুর মাদক নির্মূল কমিটির সহযোগিতায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights