আইনুন পুতুলের চাওয়া
শোবিজ প্রতিবেদক
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী আইনুন পুতুল বলেন, যেকোনো সম্মান বা স্বীকৃতি কাজের প্রতি আমার ডেডিকেশন আরও বাড়িয়ে দেয়। আমি বলব, সব সময় মানসম্মত কাজের সঙ্গে থাকতে চাই।
২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘সাঁতাও’ সিনেমায় অভিনয় করে আইনুন পুতুল বিজয়ের মালা পরেন। এর আগে কিন্তু বেশকটি আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে সাঁতাও সিনেমাটি।
মঞ্চের আলোয় প্রথম পা রাখা এক স্বপ্নবাজ তরুণী আইনুন পুতুল। চোখে ছিল অভিনয়ের তীব্র আকাঙ্ক্ষা আর ভিতরে অদম্য সাহস। সময়ের সঙ্গে নাটক, সিনেমা ও বিজ্ঞাপনের পর্দায় নিয়মিত কাজ করে তিনি নিজের অবস্থান শক্ত করেছেন। ২০০৬ সালে ‘ঘাটের কথা’ নাটকে কুসুম চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের নজরে আসেন তিনি। এরপর হুমায়ূন আহমেদের সৃষ্ট চরিত্রে অভিনয় এবং ‘ঘেটুপুত্র কমলা’সহ একাধিক উল্লেখযোগ্য কাজ তাঁকে শোবিজ অঙ্গনে পরিচিত মুখে পরিণত করে।
এ সাফল্যের আড়ালে রয়েছে দীর্ঘ পথচলা, নীরব সংগ্রাম আর বহু না বলা গল্প। টিভি নাটক, সিনেমা, মঞ্চ-সব মাধ্যমেই সক্রিয় অভিনেত্রী আইনুন নাহার পুতুল। অভিনয়ে তাঁর প্রায় দুই দশকের ক্যারিয়ার। এ ছাড়া এই অভিনেত্রী চালু করলেন নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘রাজকন্যা প্রোডাকশনস’।
পুতুলের প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম নাটক ‘টাকার সাথে বিয়ে’। হৃদয় জাহান পরিচালনা করেছেন নাটকটি। প্রযোজনায় যুক্ত হওয়া প্রসঙ্গে পুতুল বলেন, আমার কাছের অনেকেই গল্প লেখেন, পরিচালনা করেন, অভিনয়ও করেন। সবাই মিলে কিছু করার জন্য প্রযোজনা প্রতিষ্ঠান চালু করলাম।
অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন আইনুন নাহার পুতুল।
