সিরাজদিখানে নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের ডালু চেয়ারম্যানের বাড়ি থেকে দক্ষিণ রাঙ্গামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ১ হাজার ২৫০ মিটার রাস্তা নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের ও পুরোনো ইট-সুরকি দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে দেখা যায়, রাস্তা নির্মাণকাজে ব্যবহৃত ইট ও সুরকির মান অত্যন্ত নিম্নমানের। স্থানীয়রা হাতে নিয়ে এসব ইটের সুরকি ভেঙে ফেলছেন। অভিযোগ রয়েছে, পুরোনো ও ক্ষতিগ্রস্ত রাস্তা থেকে তুলে নেওয়া পচা ইটও নতুন রাস্তা নির্মাণে ব্যবহার করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন পর রাস্তাটির নির্মাণকাজ শুরু হলেও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে। এ ধরনের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ করা হলে অল্প সময়ের মধ্যেই তা ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি যথাযথভাবে তদারকি করছে না।
স্থানীয় বাসিন্দা মনির হোসেন বলেন, একেবারে পচা ইট। এগুলোর কোনো নম্বরই নেই। এসব ইট দিয়ে কাজ করলে রাস্তা টিকবে না। রাস্তা নির্মাণকাজের সাইটে থাকা এক ব্যক্তি নিজেকে ঠিকাদার না দাবি করে বলেন- আমি ঠিকাদার না, আমি লেবার সাপ্লাই দিই। মালগুলো অনেক নিম্নমানের- এটা আমিও শুনছি।
এ বিষয়ে সিরাজদিখান উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মুহাম্মাদ গিয়াস উদ্দিন বলেন, আমরা লোক পাঠিয়েছি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রাস্তার কাজের ব্যয় ও ঠিকাদারি প্রতিষ্ঠানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন- কাগজপত্র দেখে কথা বলতে হবে।
স্থানীয়দের দাবি, রাস্তা নির্মাণকাজে ব্যবহৃত নির্মাণসামগ্রীর মান যাচাই করে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং কাজের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
