গাজায় জরুরি জ্বালানি প্রবেশের আহ্বান পৌরসভাগুলোর
অনলাইন ডেস্ক
গাজা উপত্যকায় জরুরি ভিত্তিতে জ্বালানি প্রবেশের সুযোগ দিতে আন্তর্জাতিক সম্প্রদায় ও মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছে গাজা স্ট্রিপ পৌরসভা ইউনিয়ন। একই সঙ্গে ইসরায়েলকে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে চাপ দেওয়ারও আহ্বান জানিয়েছে সংগঠনটি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে, গাজার ৭০০টি জেনারেটরের মধ্যে মাত্র ৪০টির জন্য জ্বালানি সরবরাহের অনুমতি দেওয়া হয়েছে। পানি উত্তোলনের কূপ, পাম্পিং স্টেশন ও পয়োনিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে প্রয়োজনীয় জ্বালানি প্রবেশেও বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে তারা।
পৌরসভা ইউনিয়ন আরও জানায়, বিদ্যুৎ জেনারেটর ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনার জন্য ডিজেল সরবরাহ কমে যাওয়ায় গাজার অধিকাংশ পানির কূপ কার্যত বন্ধ হয়ে গেছে। এর ফলে বাস্তুচ্যুতদের শিবিরে বসবাসকারী কয়েক হাজার পরিবারের পানি সরবরাহ ব্যাহত হচ্ছে।
সংগঠনটি জানিয়েছে, জরুরি সেবা ও মানবিক কার্যক্রম সচল রাখতে দ্রুত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন। এ জন্য গাজায় মানবিক সহায়তা প্রবেশের সুযোগ করে দিতে একটি জরুরি মানবিক করিডোর চালুরও দাবি জানিয়েছে তারা।
সূত্র: আল জাজিরা
