বায়ুদূষণের শীর্ষে কাম্পালা, ঢাকার অবস্থান কত?
অনলাইন ডেস্ক
বিশ্বের দূষিত শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান আজ ষষ্ঠ। বুধবার (১৯ আগস্ট) সকালে ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ১০৭ রেকর্ড করা হয়েছে, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে। আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ১৭৪ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা। ১৭১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি এবং ১৬৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে কাতারের দোহা।
এ ছাড়া ১৫৯ স্কোর নিয়ে মালয়েশিয়ার কুচিং চতুর্থ এবং ১৫৫ স্কোর নিয়ে ইন্দোনেশিয়ার জাকার্তা পঞ্চম অবস্থানে রয়েছে। এরপরই রয়েছে ঢাকা। তালিকায় ঢাকার পর রয়েছে ইসরায়েলের জেরুজালেম, চীনের উহান ও ফিলিপাইনের ম্যানিলাসহ আরও কয়েকটি শহর।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ০ থেকে ৫০-এর মধ্যে থাকলে তা ভালো, ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় এবং ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। সূচক ১৫১ থেকে ২০০ হলে বায়ু অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে দুর্যোগপূর্ণ হিসেবে ধরা হয়।
