বাড়িতে ভল্লুকের হানা, তবে আক্রমণ নয় ফ্রায়েড চিকেন খেয়ে চলে গেল!
অনলাইন ডেস্ক
গরমের জ্বালায় রাতে সদর দরজা খোলা রেখে ঘুমিয়েছিলেন এক দম্পতি। আর সেই সুযোগেই তাদের বাড়িতে হানা দেয় এক ভল্লুক! না, কাউকে আক্রমণ করতে নয়, বরং টেবিলের ওপর রাখা উদ্বৃত্ত ‘কেএফসি’র (KFC) খাবার সাবাড় করে চম্পট দিয়েছে প্রাণীটি।
যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের বাসিন্দা কেন্দ্রা নর্থের বাড়িতে এমন এক অদ্ভুত ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে কেন্দ্রা যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন তার বোন বারবার ফোন করে তাকে জাগিয়ে তোলেন। কেন্দ্রার বোন পাশের বাড়িতেই থাকেন। তিনি জানান, একটি বিশালাকার ভল্লুক কেন্দ্রার বাড়ি থেকে বের হয়ে সোজা তার চোখের দিকে তাকিয়ে ছিল।
কেন্দ্রা জানান, ড্রয়িংরুম আর রান্নাঘরে এসি না থাকায় তারা রাতে সামনের দরজা একটু খোলা রেখেছিলেন। সেই ফাঁকেই ভল্লুকটি ভেতরে ঢুকে পড়ে। রান্নাঘরের টেবিলে রাখা ছিল আগের রাতের কেএফসি। খাবারের লোভেই ভল্লুকটি সেখানে হানা দেয়। খাবার তো খেয়েছেই, যাওয়ার সময় বেশ ভারী কাঁচের টেবিলটিও ভেঙে গুঁড়িয়ে দিয়ে গেছে। টেবিল ভাঙার শব্দ কেন্দ্রা পেয়েছিলেন ঠিকই, কিন্তু তিনি ভেবেছিলেন বাইরে হয়তো কোনো গাড়ি দুর্ঘটনা ঘটেছে।
মজার ছলে কেন্দ্রা বলেন, আমি সত্যিই আমার কেএফসি হারানোর জন্য একটু মন খারাপ করছি! তবে এরপর থেকে আর কখনোই দরজা খোলা রাখবেন না বলে তিনি মনস্থির করেছেন।
কেনটাকি ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ বিভাগের কর্মকর্তা জন হাস্ট জানান, বাইরে রাখা খাবারই মূলত ভল্লুককে লোকালয়ে টেনে আনে। তাই পোষা প্রাণীর খাবার বা মানুষের উচ্ছিষ্ট বাইরে খোলা জায়গায় না রাখার পরামর্শ দিয়েছেন তিনি।
