যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদি সংঘাতের প্রস্তুতি নিচ্ছে ইরান

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা মধ্যে দীর্ঘমেয়াদি সংঘাতের জন্য নিজেদের প্রস্তুত করছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত পিছু হটবেন—এমন ধারণা থাকলেও, তেহরান মোটেও ওয়াশিংটনের ওপর আস্থা রাখতে পারছে না।

ইরানি পত্রিকা আল-উইফাকের প্রধান সম্পাদক মোখতার হাদ্দাদ আল জাজিরাকে জানান, ট্রাম্প শুরুতে বড় বড় দাবি করলেও শেষ পর্যন্ত তাকে সমঝোতা স্মারকেই (এমওইউ) ফিরে আসতে হবে। তবে ইরান মার্কিন নির্বাচনের আশায় বসে নেই। তারা ভবিষ্যতের যেকোনো পরিস্থিতির জন্য দীর্ঘমেয়াদি প্রস্তুতি নিচ্ছে।

গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রায় ছয় মাস পেরিয়ে গেছে। এখন এই সংঘাতের মূল কেন্দ্র হয়ে উঠেছে হরমুজ প্রণালি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, যুক্তরাষ্ট্রের নৌ-টহল বেড়ে যাওয়ায় এই গুরুত্বপূর্ণ জলপথের নিয়ন্ত্রণ ধীরে ধীরে হারাচ্ছে ইরান।

জাহাজ চলাচল পর্যবেক্ষক প্রতিষ্ঠান কেপলারের তথ্যানুযায়ী, গত দুই সপ্তাহে ৮০ শতাংশেরও বেশি জাহাজ ওমানের নিরাপদ পথ ব্যবহার করেছে। ফলে ইরান আগের মতো আর টোল আদায় করতে পারছে না। ঝুঁকি এড়াতে কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতও নিরাপদ পথ খুঁজছে।

এদিকে, ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে হরমুজ প্রণালি এখন পুরোপুরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রের পথে বাধা হয়ে দাঁড়ালে তিনি ওমানকেও বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। পরিস্থিতি এমন দিকে গড়াচ্ছে যে, ইরান প্রণালিটির ওপর তাদের একচ্ছত্র আধিপত্য প্রায় হারিয়ে ফেলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights