সোনারগাঁয়ে পুলিশের হাত কামড়ে হ্যান্ডকাফসহ পালালো মাদক কারবারি
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৫০ পিস ইয়াবাসহ মো. রাজু (৩০) নামে এক যুবককে আটকের পর পুলিশের এক সদস্যকে কামড়ে হাতকড়াসহ পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তালতলা বাজার তদন্ত কেন্দ্রের একটি দল কোবাগা এলাকায় অভিযান চালিয়ে রাজুকে ইয়াবাসহ আটক করে। পরে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করে হাতে হাতকড়া পরানো হয়।
পুলিশের দাবি, আটক রাজুকে তদন্ত কেন্দ্রে নেওয়ার সময় তার পরিবারের সদস্য ও স্বজনরা তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে রাজু এএসআই নাসির উদ্দিনের হাতে কামড় দিয়ে হাতকড়াসহ দৌড়ে পালিয়ে যান। এঘটনার পর পুলিশ তাকে পুনরায় আটকের চেষ্টা করে ব্যর্থ হয়।
পুলিশ জানায়, ঘটনার পরপরই পলাতক রাজুকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। তবে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা ইয়াবা পুলিশের হেফাজতে রয়েছে।
তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. জসিম উদ্দিন বলেন, ৫০ পিস ইয়াবাসহ রাজুকে আটক করা হয়েছিল। তদন্ত কেন্দ্রে নেওয়ার পথে তার স্বজনরা তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় সে এএসআই নাসির উদ্দিনের হাতে কামড় দিয়ে হাতকড়াসহ পালিয়ে যায়। তাকে গ্রেফতারের অভিযান চলমান রয়েছে।
