মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা টিকাদান (OCV) ক্যাম্পেইন-২০২৬ শুরু হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার নয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশ্রাফী, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, মুন্সীগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা, প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপুসহ জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। এসময় স্বাস্থ্যকর্মী, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বাংলাদেশের পাঁচটি জেলার সাতটি উপজেলায় একযোগে ওরাল কলেরা টিকাদান কর্মসূচি পরিচালিত হচ্ছে। এর অংশ হিসেবে মুন্সীগঞ্জ সদর উপজেলার ৬৪টি কেন্দ্রে শনিবার থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
সদর উপজেলার নয়টি ইউনিয়ন ও মিরকাদিম পৌরসভায় মোট ৩ লাখ ৫৪ হাজার ডোজ কলেরা টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কর্মসূচির আওতায় গর্ভবতী নারী ও গুরুতর অসুস্থ ব্যক্তি ছাড়া এক বছর বয়সের ঊর্ধ্বে সকলকে টিকা দেওয়া হবে। প্রথম ডোজ প্রদানের কার্যক্রম চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। প্রথম ডোজ গ্রহণের ১৪ দিন পর দ্বিতীয় ডোজ নেওয়া যাবে এবং দ্বিতীয় ডোজ প্রদানের কার্যক্রম শুরু হবে ২৬ সেপ্টেম্বর থেকে।
অনুষ্ঠানে বক্তারা কলেরা প্রতিরোধে টিকাদানের গুরুত্ব তুলে ধরে যথাসময়ে টিকা গ্রহণের জন্য সবার প্রতি আহ্বান জানান। একই সঙ্গে vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করে ওরাল কলেরা ভ্যাকসিন গ্রহণের আহ্বান জানানো হয়। কর্মসূচি সফল করতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
বক্তারা বলেন, শুধু টিকাদান নয়, কলেরা প্রতিরোধে নিরাপদ পানি পান, খাবার ঢেকে রাখা, খাবার প্রস্তুত ও গ্রহণের আগে সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়া এবং সার্বিক স্বাস্থ্যবিধি মেনে চলাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়।
