আলাস্কার কাছে বিধ্বস্ত উড়োজাহাজটি ঘন কুয়াশার মধ্যে দ্বিতীয়বার অবতরণের চেষ্টা করছিল

অনলাইন ডেস্ক

আকাশজুড়ে ছিল ঘন কুয়াশার চাদর। কিছুই দেখা যাচ্ছিল না। বাধ্য হয়ে যন্ত্রের ওপর ভরসা করেছিলেন পাইলটরা। প্রথমবার ব্যর্থ হয়ে দ্বিতীয়বার অবতরণের চেষ্টাই কাল হলো। রানওয়ে ছোঁয়ার আগেই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে প্রাণ হারালেন আটজন আরোহী।

মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে আলাস্কার পশ্চিমাঞ্চলে একটি প্রত্যন্ত সামরিক রাডার কেন্দ্রে। শুক্রবার কর্তৃপক্ষ জানিয়েছে, সেসনা মডেলের ওই উড়োজাহাজে দুজন পাইলট, মার্কিন সেনাবাহিনীর দুজন কর্মী এবং চারজন ঠিকাদার ছিলেন। ঠিকাদারদের মধ্যে দুজন ছিলেন ক্যালিস্টা ব্রাইস নামের একটি নির্মাণ প্রতিষ্ঠানের কর্মী।

ঘটনার দিন দুপুরের দিকে আবহাওয়া হঠাৎ খারাপ হতে শুরু করে। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের কর্মকর্তা ক্লিন্ট জনসন জানান, পাইলটরা রানওয়ে দেখতে পারছিলেন না। তাই নিয়ম মেনে তারা প্রথম অবতরণের চেষ্টা বাতিল করেন। কিন্তু দ্বিতীয়বার নামতে গিয়ে রানওয়ে থেকে সামান্য দূরেই উড়োজাহাজটি আছড়ে পড়ে।

কেপ নিউয়েনহ্যাম নামের ওই রাডার কেন্দ্রটি ১৯৫০-এর দশকে তৈরি করা হয়। বর্তমানে এটি রাশিয়া, উত্তর কোরিয়া ও চীনের দিকে নজর রাখতে ব্যবহৃত হয়। তবে সেখানে কর্মীরা ঠিক কী কাজ করছিলেন, তা সেনাবাহিনী প্রকাশ করেনি।

বিমান চলাচল বিশেষজ্ঞ মাইক ও’ডোনেল মনে করেন, আবহাওয়া এতই খারাপ ছিল যে পাইলটদের অন্য কোথাও অবতরণ করা উচিত ছিল। মার্কিন বিমানবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল রবার্ট ডেভিস শোক প্রকাশ করে ঘটনাটিকে এক ‘ভয়াবহ ক্ষতি’ বলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights