উনি আমার বড় ভাইয়ের মতো, এক্ষুনি পোস্ট ডিলিট করো: দেব

শোবিজ ডেস্ক

সিনেমার হিরো ও একই ইন্ডাস্ট্রি বলে দুজনের মধ্যে এক অলিখিত প্রতিযোগিতা বরাবরই চলে আসছে। তাই বলে তাকে নিয়ে কটাক্ষ একেবারেই মেনে নিতে পারেননি টলিউড অভিনেতা দেব।

‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর বক্স অফিস কালেকশন নিয়ে জিৎকে চরম কটাক্ষ করায় ভক্তদের রীতিমতো ক্লাস নিলেন দেব। যে স্ক্রিনশট বর্তমানে নেটপাড়ায় আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে।

ঘটনার সূত্রপাত সম্প্রতি দেবের এক ফ্যান পেজের পোস্টে জিতের নতুন ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর প্রথম সপ্তাহের টিকিট বিক্রি ও বক্স অফিস নম্বর নিয়ে কটাক্ষ করে নেতিবাচক রিভিউ লেখা হয়। সেই পোস্টে লেখা হয়, প্রথম সপ্তাহে নাকি অন্যতম সর্বোচ্চ ফুটফল! ভণ্ডামির শেষ পর্যায়ে যাকে বলে। অপেক্ষা করছি শনি-রবিবার আরও কী বড় ঢপ সামনে আসে! ছবি ভালো হতে পারে কিন্তু বক্স অফিস কালেকশন অতটা নেই, বানিয়ে বলছে…।

এমন পোস্ট দেখে তেলেবেগুনে জ্বলে ওঠেন দেব। অভিনেতার নামের এক পেজ থেকে ধেয়ে আসে পাল্টা বাক্যবাণ। কড়া ভাষায় নিন্দা করে সেখানে লেখা হয়, ওনার (জিৎ) বিরুদ্ধে লেখা যাবতীয় পোস্ট এক্ষুনি ডিলিট করো। উনি আমার বড় ভাইয়ের মতো। বরং টিকিট কিনে ছবিটা দেখো আর বাকিদেরও দেখতে বলো।

দেবের এমন প্রতিবাদী আচরণে সন্তোষ প্রকাশ করেছে নেটিজেনদের একাংশ। অবশ্য পেজটি কি দেবের নাকি অভিনেতার ফ্যানপেজ—তা নিয়ে সংশয় রয়েছে। তারপরও দেবের সৌজন্য নিয়ে কারও কোনো দ্বিমত নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights