ডেমরায় ট্রাক থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
ডেমরার সারুলিয়ায় কংক্রিট মিক্সার ট্রাক থেকে পড়ে মেহেদী হাসান (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রবিবার (২৩ আগস্ট) সকাল আনুমানিক ৮টার দিকে সারুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসানের বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি থানায়। তার বাবার নাম আব্দুর রব। তিনি পেশায় মিক্সার ট্রাকের হেলপার হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের সহকর্মী রফিকুল ইসলাম জানান, সকালে সারুলিয়া এলাকায় সড়কে ঢালাইয়ের কাজ চলছিল। সেখানে মিক্সার ট্রাক থেকে ঢালাই নামানোর পর গাড়িটি পরিষ্কার করছিলেন মেহেদী। এ সময় অসাবধানতাবশত তিনি ট্রাকের ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল ৯টা ৫৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights