র‍্যাঙ্কিংয়ে ছয় নম্বরে উঠে আসাটা ‘অনেক বড় অর্জন’: শান্ত

অনলাইন ডেস্ক

ডারউইনে অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ করে ঐতিহাসিক জয় তুলে নেয় টাইগাররা। তবে দ্বিতীয় টেস্টে বাঘের গর্জন আর শোনা যায়নি। ম্যাকাই টেস্টে টাইগারদের চিত্রটা ছিলো পুরোপুরি উল্টো। দুই ইনিংসেই একশর নিচে অলআউট হয়ে অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ৫১ রানের বড় ব্যবধানে হেরেছে সফরকারীরা। ম্যাচ হারলেও সিরিজ ১-১ সিরিজ ড্র করেছে শান্তবাহিনী। আর সেই সঙ্গে আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। বর্তমানে ৬ষ্ঠ স্থানে রয়েছে টাইগাররা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে বিষয়টি জেনেছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সংবাদ সম্মেলনে শান্ত বলেছেন, ‘(র‍্যাঙ্কিংয়ে ছয়ে উঠেছি) তাই নাকি? (হাসি) আমি জানতাম না। ভালো খবর অবশ্যই। তবে ভালো খবরটা আরও ভালো হত যদি এই টেস্টে আমরা ভালো খেলতে পারতাম। ছয় নাম্বারে টেস্টে প্রথম আসতে পারলাম, এটা অনেক বড় অর্জন। ৬ নম্বরে উঠে এসেছি এটা অনেক ভালো ব্যাপার। টেস্ট ক্রিকেট নিয়ে আমার স্বপ্নের কথা বললে কেউ বিশ্বাস করতে চাইবে না। এটা সিক্রেট থাকুক, যদি কখনও অর্জন করতে পারি তাহলে বলব (হাসি)।’

ম্যাকাইয়ে হারের পর কি ডারউইনের সাফল্য ভুলে গেছে সবাই? অধিনায়কের জবাব, ‘(হাসি) আপনারা কি ভুলে গেছেন প্রথম টেস্ট? আমি ভুলি নাই। আশা করি দেশের মানুষও ভুলে নাই। অনেক বড় অর্জন। তবে এই ম্যাচ আমরা ভালো ক্রিকেট খেলিনি। এটা হতেই পারে। সবাই চেষ্টা করেছে। আমরা কোন দলকে হারিয়েছি, এই ম্যাচ দেখলে বোঝা যাবে। ওরা যেভাবে কামব্যাক করেছে। টসে জিতে ফিল্ডিংও নিয়ে নিল, নরমালি ওরা করে না শুনলাম অনেক জায়গায়। এই অনেক কিছুই আমরা ওদেরকে চ্যালেঞ্জের মুখে দিয়েছি। ব্যাটিংয়ে তাদেরকে দুইশতে অলআউট করে দিয়েছি। সব মিলিয়ে অবশ্যই উদযাপন করা উচিত। এই টেস্ট ম্যাচ থেকে শেখা উচিত যে কীভাবে আমরা ভালো করতে পারি।’

সব মিলিয়ে সিরিজ নিয়ে শান্ত বলেছেন, ‘(সিরিজ নিয়ে) অনেক ভালো। আমি নিজেই ডাগআউটে যখন খেলা দেখছিলাম, ভাবছিলাম যে অনেক বড় দলকে হারিয়েছি। প্রথম ম্যাচ জেতার পর আমার সেভাবে এক্সাইটমেন্ট কাজ করেনি। গত দুই দিনে একটু বুঝ আসছে যে অনেক ভালো ম্যাচ জিতেছি। অবশ্যই গর্বের ব্যাপার। এরকম ব্যাপার আমাদের টেস্ট ক্রিকেটের জন্য অনেক সাহায্য করবে। নিউজিল্যান্ডে আমাদের জয় ছিল, অস্ট্রেলিয়াতে হলো, আশা করি সামনে দক্ষিণ আফ্রিকাতে হবে। যদি এমন করতে পারি তাহলে আমাদের টেস্ট ক্রিকেটের জন্য ভালো। এই ইতিবাচকগুলো নিয়ে যাওয়া উচিত। সাথে যে ভুলগুলো হয়েছে, এই কন্ডিশনে কীভাবে ব্যাটিং-বোলিং করতে হবে, এগুলো শিখতে পারলে আমাদের জন্য ভালো হবে।’

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। এবার ম্যাকাইয়ে ইনিংস এবং ৫১ রানের ব্যবধানে হেরেছে টাইগাররা। সিরিজ শেষ হয়েছে ১-১ ব্যবধানে। কেউ জেতেনি, কেউ হারেনি, ড্রতে শেষ হয়েছে সিরিজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights