নগরের সৌন্দর্যবর্ধনে ৬১৫ ডেকোরেটিভ পোল স্থাপন করা হবে : ডিএনসিসি প্রশাসক
অনলাইন ডেস্ক
রাজধানীর বিভিন্ন প্রধান সড়কে নাগরিকদের চলাচলের সুবিধা ও নগরের সৌন্দর্যবর্ধনে ৬১৫টি ডেকোরেটিভ পোল স্থাপন করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, পর্যায়ক্রমে এসব পোল স্থাপনের কাজ শুরু হবে।
রবিবার বিকেল ৩টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ডিএনসিসির স্মার্ট লাইটের ডেকোরেটিভ পোল স্থাপন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডিএনসিসির প্রশাসক বলেন, রাজধানীর বিভিন্ন প্রধান সড়কে নাগরিকদের যাতায়াত ও চলাচলের সুবিধার পাশাপাশি নগরের সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে ৬১৫টি ডেকোরেটিভ পোল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। আজ আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রমের উদ্বোধন করা হচ্ছে। এর মাধ্যমে নগরের সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে।
তিনি বলেন, এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, প্রকল্প পরিচালক, সিনিয়র সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার রফিকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। দীর্ঘদিন ধরে যারা শহরের সৌন্দর্যবর্ধনে ডেকোরেটিভ পোল স্থাপনের বিষয়ে কাজ করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই।
শফিকুল ইসলাম বলেন, প্রতিটি শহরকে আলোকিত ও আধুনিক করে গড়ে তোলার নির্দেশনা রয়েছে। জনগণের করের অর্থে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি এর রক্ষণাবেক্ষণের দায়িত্বও সিটি করপোরেশন পালন করবে। তবে এ কাজে নগরবাসী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, নির্বাচনী অঙ্গীকারগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি। সবাই মিলে এই শহরকে আধুনিক, পরিচ্ছন্ন, দুর্গন্ধমুক্ত ও বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলব।
