শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের শরণখোলা উপজেলায় সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ষাটোর্ধ্ব মো. এছাহাক মৃধা নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত এছাহাক মৃধাকে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে। এদিকে সকালে শিশুটির মেডিকেল টেস্ট বাগেরহাট জেলা হাসপাতালে সম্পন্ন হয়েছে।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম এ তথ্য নিশ্চিত করে জানান, উপজেলার বি-ধানসাগর গ্রামের সাত বছর বয়সী শিশুটিকে প্রতিবেশী বৃদ্ধ মো. এছাহাক মৃধা গত বৃহস্পতিবার সন্ধ্যায় রুটির প্রলোভন দিয়ে ঘরে নিয়ে যায়। ঘরে নিয়ে শিশুটির মুখ ও হাত বেঁধে বৃদ্ধ এছাহাক মৃধা তাকে ধর্ষণ করে। এ সময় শিশুটি চিৎকার দিতে থাকে।
বিষয়টি কাউকে না বলার জন্যও হুমকি দেয়। ভয়ে শিশুটি কাউকে ধর্ষণের কথা বলেনি। শনিবার বিকেলে শিশুটি বেদনায় কাতর হলে ঘটনাটি তার মা ও প্রতিবেশীদের জানায়। রাতে মো. এছাহাক মৃধাকে আসামি করে শরণখোলা থানায় মামলা দায়ের হয়। পুলিশ শনিবার রাতে বি-ধানসাগর গ্রামের বাড়ি থেকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ এছাহাক মৃধাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত এছাহাক মৃধাকে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে।
