সোনারগাঁয়ে তিনটি চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তিনটি চুনা কারখানায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত পাইপ, রাইজার ও বার্নার জব্দ করা হয়।

রবিবার (২৩ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার সোনাখালী, প্রতাবেরচর ও পিরোজপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ সুহা তাবিল।

তিতাস গ্যাস সোনারগাঁয়ের মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার সাহা জানান, একটি অসাধু চক্র বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির পরিচয় ও রাজনৈতিক প্রভাব দেখিয়ে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে চুনা কারখানা স্থাপন করে আসছিল। এসব কারখানায় বিপুল পরিমাণ গ্যাস অবৈধভাবে ব্যবহার করা হচ্ছিল।

তিনি বলেন, চুনা কারখানাগুলোতে ঘণ্টায় প্রায় ১২ হাজার ঘনফুট অবৈধ গ্যাস ব্যবহার করা হতো। এর ফলে সরকার প্রতি মাসে বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে রবিবার তিনটি কারখানায় অভিযান চালানো হয়।

অভিযানকালে অবৈধ গ্যাস সংযোগগুলো বিচ্ছিন্ন করার পাশাপাশি সংযোগে ব্যবহৃত পাইপ, রাইজার ও বার্নার জব্দ করা হয়। পরে তিনটি চুনা কারখানার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

তিতাসের মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার সাহা আরও বলেন, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে তিতাসের অভিযান অব্যাহত থাকবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অবৈধভাবে গ্যাস ব্যবহার করলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অভিযানের সময় তিতাস গ্যাসের উপ-সহকারী প্রকৌশলী তৌফিকুর রহমান ও জহুরুল ইসলামসহ তিতাসের কর্মকর্তা-কর্মচারী এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights