বিদেশে পাঠানোর নামে প্রতারণা, গ্রেফতার ৫

বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগে রাজধানীর বনানীতে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

অভিযানে ওই অফিস থেকে ৫১টি বাংলাদেশি পাসপোর্ট, একটি ডিভিআর ও তিনটি স্মার্টফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় বনানী থানায় আজ রাতে একটি মামলা হয়েছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার সাখাওয়াত হোসেন জানান, বনানীতে অভিযান হয়েছে এবং কয়েকজন গ্রেফতারও হয়েছে। এ বিষয়ে বিস্তারিত কাল সোমবার জানানো হবে।

সিআইডি সূত্র জানায়, গ্রেফতার ব্যক্তিরা দুটি প্রতিষ্ঠান পরিচালনা করতেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব প্রতিষ্ঠানের নামে বিভিন্ন দেশে কম খরচে ভিসায় পাঠানোর নিশ্চয়তা দিয়ে বিজ্ঞাপন দেওয়া হতো।

ভুক্তভোগী মাহবুবুল আলম অভিযোগ করেন, সৌদি আরবে মাসে ২ হাজার ৫০০ রিয়াল বেতনে ড্রাইভিং ভিসায় পাঠানোর বিজ্ঞাপন দেখে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেন। পরে বনানীর সৈনিক ক্লাবের কাছে একটি অফিসে গিয়ে প্রতিষ্ঠানের মালিক পরিচয় দেওয়া এক ব্যক্তির সঙ্গে তার কথা হয়। সৌদি আরবে পাঠানোর জন্য তার সঙ্গে ৩ লাখ ৭০ হাজার টাকার চুক্তি হয়। চুক্তির পর বিভিন্ন সময়ে ব্যাংক ও বিকাশের মাধ্যমে ওই ব্যক্তিকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা দেওয়া হয়। পরে সৌদি আরব যাওয়ার প্রক্রিয়া শেষ হয়েছে জানিয়ে তাকে অফিসে ডাকা হয়। সেখানে তার কাছ থেকে আরও ৯৬ হাজার টাকা নিয়ে তিন মাস মেয়াদি একটি ট্যুরিস্ট ভিসা দেওয়া হয়। তবে ড্রাইভিং ভিসায় সৌদি আরবে পাঠানোর প্রতিশ্রুতি আর পূরণ করা হয়নি।

সূত্র জানায়, গ্রেপ্তার পাঁচজন পরস্পর যোগসাজশে বিভিন্ন ব্যক্তিকে রাশিয়া, সৌদি আরব ও কুয়েত পাঠানোর কথা বলে কয়েক লাখ টাকা করে নিয়েছেন। তাদের বিরুদ্ধে একজনকে রাশিয়া পাঠানোর কথা বলে ৪ লাখ ৫০ হাজার টাকা, আরেকজনকে সৌদি আরব পাঠানোর কথা বলে ৫ লাখ ৫০ হাজার টাকা এবং অন্য একজনের কাছ থেকে কুয়েত পাঠানোর কথা বলে ৯ লাখ টাকা নেওয়ার অভিযোগ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights