পাড়িক্কালের সেঞ্চুরিতে প্রথম দিনেই শক্ত অবস্থানে ভারত

অনলাইন ডেস্ক

শেষটা একটু অস্বস্তির হলেও কলম্বো টেস্টের প্রথম দিনটি ভালোভাবেই শেষ করেছে ভারত। দিনের শেষ ওভারের প্রথম বলেই ৪৩ রানে থাকা রবীন্দ্র জাদেজাকে বোল্ড করে শ্রীলঙ্কাকে স্বস্তি এনে দেন পেসার আশিতা ফার্নান্ডো। ফলে দিনের একেবারে শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ একটি উইকেট হারায় সফরকারীরা।

তবে এর আগে ব্যাট হাতে দারুণ নিয়ন্ত্রণে ছিল ভারত। গলে প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে থাকা দলটি কলম্বো টেস্টের প্রথম দিন শেষে ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ৩০০ রান। দিন শেষে ক্রিজে আছেন অভিষিক্ত সারাংশ জৈন ৪ রানে ও ধ্রুব জুরেল ৭ রানে।

জাদেজাকে হারানোর আট ওভার আগে ফিরেছেন ভারত ইনিংসের সর্বোচ্চ স্কোরার দেবদূত পাড়িক্কাল। প্রথম টেস্টের মতো আজও সেঞ্চুরি পেয়েছেন ভারতীয় ব্যাটসম্যান। শূন্য ও এক রানে জীবন পাওয়া পাডিক্কাল করেছেন ১১৭ রান। তার ১৯৩ বলের ইনিংসটি সাজানো ১২টি চারে। চার টেস্টের ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো সেঞ্চুরির স্বাদ পেলেন পাড়িক্কাল।

তিনি ছাড়া ভারত ইনিংসে ফিফটি পেয়েছেন শুধু শুবমান গিল। ভারত অধিনায়ক ফিরেছেন ঠিক ৫০ রান করে। ৬৬ রানে ভারত ২ উইকেট খোয়ানোর পর পাড়িক্কালকে নিয়ে তৃতীয় উইকেটে ১২০ রানের জুটি গড়েন অধিনায়ক।

গিল ফেরার কিছু সময় পরে বলের আঘাতে হাতে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন ঋষভ পন্ত (৩*)। লঙ্কান পেসার লাহিরু কুমারার বল আঘাত করে পন্তের বাঁ বাহুতে।

এর আগে টসে জিতে ব্যাটিং নেওয়া ভারতের উদ্বোধনী জুটি ভাঙে ৩৭ রানে। লাহিরু কুমারা উইকেটকিপারের ক্যাচ বানিয়েছেন লোকেশ রাহুলকে (১৮)। আরেক ওপেনার যশস্বী জয়সোয়াল ফিরেছেন আশিতার বলে বোল্ড হয়ে। তাঁর ব্যাটের কানায় লেগে বল আঘাত করে উইকেটে।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত ১ম ইনিংস: ৮৫ ওভারে ৩০০/৫ (জয়সওয়াল ৪৫, রাহুল ১৮, পাডিক্কাল ১১৭, গিল ৫০, পান্ত ৩, জাদেজা ৪৩, জুরেল ৭*, সারানশ ৪*; আসিথা ১৬-৫-৪৬-৩, লাহিরু ১৩-৪-৩৮-১, জায়াসুরিয়া ২৭-৪-৯০-০, নুওয়ান্থা ২২-০-৯৩-১, দিনুশা ১-০-২-০, ধানাঞ্জায়া ২-০-৮-০, মিশারা ৪-০-১৬-০)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights