অটোচালককে অপহরণ করে মারধরের অভিযোগ
কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের মোহরাকাটা এলাকায় মফিজ নামে এক অটোচালককে গাড়িসহ অপহরণ করে পাহাড়ে নিয়ে গিয়ে বিবস্ত্র করে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় আনছার মেম্বারের নেতৃত্বে জিন্নাত আলীর ছেলে নজির আহমদ, রিদোয়ানসহ প্রায় ১০ জন অস্ত্রধারীর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল সাড়ে ১১টার দিকে হোয়ানক মোহরাকাটা সংলগ্ন পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, অস্ত্রধারীরা অটোচালক মফিজকে তার টমটম গাড়িসহ জোরপূর্বক অপহরণ করে পাহাড়ে নিয়ে যায়। সেখানে তাকে বিবস্ত্র করে ব্যাপক মারধর ও শারীরিক নির্যাতন করা হয়। এমনকি তার হাতের কাঁচা নখ তুলে নেওয়ার মতো নির্মম নির্যাতন চালানো হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সুলতান জানিয়েছেন, এ ধরনের বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায় নি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
