প্রথম এসিসি সভাতেই তামিমের কাঁধে বড় দায়িত্ব

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন তামিম ইকবাল। ব্যাংককে অনুষ্ঠিত এসিসির বার্ষিক সাধারণ সভায় প্রথমবার অংশ নিয়েই গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি।

এশিয়ার ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়ন নিয়ে অনুষ্ঠিত এবারের সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো এসিসির সভাপতি নির্বাচনের প্রক্রিয়ায় পরিবর্তন।

এতদিন ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যে পালাক্রমে এসিসির সভাপতির দায়িত্ব বণ্টন করা হতো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এবার থেকে এই তালিকায় যুক্ত হয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডও। ফলে নির্ধারিত রোটেশন অনুযায়ী ভবিষ্যতে আফগানিস্তান থেকেও এসিসির সভাপতি নির্বাচিত হওয়ার সুযোগ তৈরি হলো।

সভায় সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি খালিদ আল জারুনিকে সর্বসম্মতিক্রমে এসিসির নতুন সহ-সভাপতি নির্বাচিত করা হয়েছে। পাশাপাশি ২০২৬-২০২৮ মেয়াদের এসিসি নির্বাহী বোর্ডে কাতার, সিঙ্গাপুর, মালদ্বীপ ও বাহরাইন থেকে নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

তবে বাংলাদেশের জন্য সভাটির সবচেয়ে বড় খবর তামিম ইকবালের নতুন দায়িত্ব। বিসিবি সভাপতি হিসেবে এটিই ছিল এসিসির কোনো সভায় তার প্রথম অংশগ্রহণ। প্রথম সভাতেই গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ায় এশিয়ার ক্রিকেটের উন্নয়ন, অবকাঠামো ও ভবিষ্যৎ পরিকল্পনায় এখন থেকে সরাসরি ভূমিকা রাখবেন তিনি।

এশিয়ার ক্রিকেটকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় জানিয়ে এসিসি সভাপতি সৈয়দ মহসিন রাজা নকভি বলেন, এশিয়ায় ক্রিকেট শুধু একটি খেলা নয়; এটি বিভিন্ন দেশ, সংস্কৃতি ও প্রজন্মকে একত্রিত করার একটি শক্তিশালী মাধ্যম। এবারের সিদ্ধান্তগুলো ভবিষ্যতে এশিয়ার ক্রিকেটকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights