রংপুর নগরীতে অটোরিকশার দাপট, প্রতিদিন ব্যয় ৪ মেগাওয়াট বিদ্যুৎ
নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুর নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা ও রিকশা প্রতিদিন চার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ খরচ করছে। চলমান লোডশেডিংয়ে অটোরিকশা চার্জ অনেকটা ‘মড়ার ওপর খাড়ার ঘা’ হয়ে দাঁড়িয়েছে। রংপুর সিটি করপোরেশন ব্যাটারিচালিত অটোরিকশা ও রিকশার লাইসেন্স দিয়েছে ৮ হাজার। এরমধ্যে অটোরিকশার ৫ হাজার এবং রিকশার ৩ হাজার। কিন্তু নগরীতে অটোরিকশা ও রিকশা চলছে ২০ হাজারের বেশি। অবৈধ আটোরিকশা এবং অবৈধ সংযোগে চার্জে বিদ্যুতের অবস্থা আরও নাজুক করছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একটি অটোরিকশা চার্জ দিতে প্রতিদিন ১০ থেকে ১১ ইউনিট বিদ্যুত খরচ হয়। সেই হিসাবে ২০ হাজারের বেশি আটো চার্জ দিতে চার মেগাওয়াট বিদ্যুৎ খরচ হয়। এক হাজার কিলোওয়াটে এক মেগাওয়াট। প্রতি ইউনিয়ের মূল্য ১১ টাকা ৩৬ পয়সা। সেই হিসাবে একটি আটো চার্জ দিতে প্রতিদিন খরচ হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা। বৈধ এবং অবৈধভাবে অটো চার্জে প্রতিদিন খরচ হচ্ছে আড়াই লাখ টাকার বেশি।
খোঁজ নিয়ে জানা গেছে, নগরীর আশপাশ এলাকায় প্রায় অর্ধশত স্পটে অটোরিকশা বাণিজ্যিকভাবে চার্জ দেয়া হচ্ছে। অভিযোগ রয়েছে, কিছু কিছু অটোরিকশা চার্জার মালিক অবৈধভাবে বিদ্যুত সংযোগ নিয়ে অটোরিকশায় চার্জ দিচ্ছেন। সুষ্ঠু মনিটরিং করলে অবৈধ চার্জ দেয়া বন্ধ করা সম্ভব বলে মনে করছেন নগরীর সচেতন মহল। এছাড়া অনেক অটোর মালিক নিজের বাসায় চার্জ দিচ্ছেন।
নর্দান ইলেক্টিক সাপ্লাই নেসকো রংপুরের প্রধান প্রকৌশলী আশরাফুল ইসলাম মন্ডল বলেন, অটো চার্জে প্রতিদিন কয়েক মেগাওয়াট বিদ্যুৎ খরচ হচ্ছে। অবৈধ সংযোগ বিচ্ছিন্নে অভিযান চলছে।
