ছেলে ইউএসএস আব্রাহাম লিংকনে, বাবাকে ধরেছে মার্কিন ইমিগ্রেশন দপ্তর

অনলাইন ডেস্ক
মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিংকনে কর্মরত এক মার্কিন নৌসেনার বাবাকে আটক করেছে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)। দীর্ঘ নয় মাস ধরে সাগরে অবস্থানরত ওই সেনাসদস্য যখন যুদ্ধক্ষেত্রে দেশের সেবা করছেন, ঠিক তখনই তার বাবাকে গ্রেফতার করে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করায় দেশজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিকারাগুয়া থেকে যুক্তরাষ্ট্রে আসা লুইস ম্যানুয়েল অ্যাভিলেস রোয়াকে সম্প্রতি ফ্লোরিডার কি ওয়েস্ট থেকে গাড়ি তল্লাশির সময় সীমান্তরক্ষা বাহিনী আটক করে। পরবর্তীতে তাকে আইসিই-এর হেফাজতে পাঠানো হয়। তার ছেলে, মার্কিন নৌসেনা জোশুয়া অ্যাভিলেস সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ক্ষোভ ও হতাশা প্রকাশ করে জানান, দীর্ঘ নয় মাস ধরে তিনি মধ্যপ্রাচ্যে দেশকে সুরক্ষিত রাখতে টানা ১২ ঘণ্টার বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন। কিন্তু হঠাৎ খবর পান যে তার বাবাকে সীমান্ত রক্ষা বাহিনী তুলে নিয়ে গেছে।

জোশুয়ার দাবি, তার বাবার ড্রাইভিং লাইসেন্স, সোশ্যাল সিকিউরিটি কার্ড এবং বৈধ কর্মসংস্থানের অনুমতিপত্র (ওয়ার্ক পারমিট) রয়েছে। তারা গ্রিন কার্ডের জন্য নিয়মিত আবেদন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছিলেন এবং অনুমোদনের অপেক্ষায় ছিলেন। কিন্তু এমন অবস্থায় বাবাকে অপরাধীদের মতো তুলে নিয়ে যাওয়ায় মানসিক ভেঙে পড়ার কথা জানান এই সেনাসদস্য।

এদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ (ডিএইচএস) বিষয়টি স্বীকার করে জানিয়েছে, লুইস ম্যানুয়েল বেআইনিভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। পরিবারের কেউ সামরিক বাহিনীতে চাকরি করার অর্থ এই নয় যে দেশের আইন লঙ্ঘন করার সুযোগ মিলবে। তাকে বর্তমানে বহিষ্কারাদেশের শুনানির অপেক্ষায় আইসিই হেফাজতে রাখা হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, বর্তমান সরকারের কঠোর অভিবাসন নীতির কারণে নাগরিক ও সংখ্যালঘুরা প্রতিনিয়ত বর্ণ বৈষম্য এবং অধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights