লিবিয়ায় জিম্মি করে নেওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ইতালি নেওয়ার প্রলোভন দেখিয়ে লিবিয়ায় আটকে নির্যাতনের পর মুক্তিপণ হিসেবে নেওয়া মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। শনিবার পিরোজপুরের নাজিরপুরে অভিযুক্ত চক্রের এক সদস্যের বাড়ি থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এর আগে, বৃহস্পতিবার মামলার এক আসামি মঞ্জুর ইসলামকে (৩৮) গ্রেফতার করে পুলিশ।

মঞ্জুর ইসলাম নাজিরপুর উপজেলার শিংখালী জুগিয়া এলাকার এন্তাজউদ্দিন শেখের ছেলে। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন বলে জানিয়েছেন বাবুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন।

মামলার বাদী বরিশালের বাবুগঞ্জ উপজেলার তিলের চর গ্রামের আমিনুল ইসলাম জানান, মোটা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে ইতালি নেওয়ার কথা বলে তাকে লিবিয়ায় পাঠানো হয়। সেখানে আটকে রেখে নির্যাতন করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। নির্যাতনের ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। জমি বিক্রি ও ধারদেনা করে পরিবার ১০ লাখ টাকা দেওয়ার পরও তাকে মুক্তি দেওয়া হয়নি। পরে পরিবারের কাছ থেকে প্রায় সাড়ে তিন লাখ টাকা মূল্যের মোটরসাইকেল নিয়ে যাওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়। দেশে ফিরে আমিনুল আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে বাবুগঞ্জ থানায় মামলাটি এজাহার হিসেবে রুজু করে তদন্ত চলছে।

বাবুগঞ্জ থানার এসআই দেলোয়ার হোসেন বলেন, মামলার আসামি মঞ্জুর ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এটি আদালতে জমা দেওয়া হবে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights