বঙ্গোপসাগরে ট্রলারডুবি: আটজনকে ভাসমান অবস্থায় উদ্ধার, পাঁচজন নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বঙ্গোপসাগরে ১৩ জন জেলে নিয়ে বরগুনার পাথরঘাটার ‘এফবি বরকত’ নামে একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাগরে ভাসমান অবস্থায় থাকা আট জেলেকে জীবিত উদ্ধার করা গেলেও এখনো পাঁচজন জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলেদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে করেছে ট্রলার মালিক সমিতি।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে গভীর সমুদ্রে এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া ট্রলারটির মালিক পাথরঘাটার আশরাফ কোম্পানি।

খোঁজ নিয়ে জানা গেছে, তিন দিন আগে পাথরঘাটা থেকে ১৩ জন জেলে নিয়ে মাছ শিকারের উদ্দেশ্যে গভীর সমুদ্রে যায় এফবি বরকত নামের ট্রলার। সোমবার বিকেলে সাগরে বৈরী আবহাওয়া ও প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।

পরে ডুবে যাওয়া ট্রলারের কাছাকাছি থাকা পাথরঘাটার অপর একটি মাছ ধরার ট্রলারের জেলেরা পানিতে ভাসতে থাকা ট্রলারের কিছু অংশ দেখতে পান। এরপর তারা সাগরে ভাসতে থাকা আট জেলেকে উদ্ধার করে বিষয়টি ট্রলারের মালিকপক্ষকে জানান। নিখোঁজ পাঁচ জেলের বাড়িই পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।

বাংলাদেশ ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘এফবি বরকত’ নামে একটি ট্রলার বঙ্গোপসাগরে ডুবে যাওয়ার খবর তারা অপর একটি ট্রলারের জেলেদের মাধ্যমে জানতে পেয়েছি। খবর পাওয়ার পর ট্রলার ও জেলেদের উদ্ধারের জন্য ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে বঙ্গোপসাগরে একটি ট্রলার পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights