নাইটক্লাব বিতর্কে ইংল্যান্ড দল থেকে বাদ কার্স
অনলাইন ডেস্ক
নাইটক্লাব-কাণ্ডে দলকে থেকে ছিটকে গেলেন ইংলিশ পেসার ব্রাইডন কার্স। পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য ঘোষিত ইংল্যান্ড দল থেকে বাদ পড়েছেন তিনি। স্থানীয় সময় শনিবার রাতে ডার্বির একটি নাইটক্লাবের বাইরে পুলিশ তাকে হাতকড়া পরানোর ঘটনায় এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ও ছবিতে দেখা যায়, ৩১ বছর বয়সী এই ইংলিশ পেসার শনিবার রাতে ডার্বির একটি বারের বাইরে হাতকড়া পরা অবস্থায় দাঁড়িয়ে আছেন।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এই বিষয়টি ‘ক্রিকেট রেগুলেটর’-এর কাছে হস্তান্তরিত করেছে। সংস্থাটি ঘটনার তদন্ত নিশ্চিত করায় কার্সকে দল থেকে বাদ দেওয়া হয়েছে এবং তাঁর পরিবর্তে দলে নেওয়া হয়েছে ২৩ বছর বয়সী পেসার সনি বেকারকে।
চলতি গ্রীষ্মে শৃঙ্খলাভঙ্গের কারণে টেস্ট দল থেকে বাদ পড়া তৃতীয় ইংলিশ ক্রিকেটার হলেন কার্স।
ইসিবির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসিবির হস্তান্তরের ভিত্তিতে ক্রিকেট রেগুলেটর নিশ্চিত করেছে যে, শনিবার রাতে ডার্বির ঘটনার তদন্ত করা হবে। তদন্ত চলাকালে এবং ঘটনার সব সত্যতা যাচাই না হওয়া পর্যন্ত ব্রাইডন কার্স দ্বিতীয় টেস্টের দল নির্বাচনের জন্য বিবেচিত হবেন না।’
পাকিস্তানের বিপক্ষে হেডিংলি টেস্টের ইংল্যান্ড দলে ছিলেন কার্স, যে ম্যাচে সফরকারীদের ইনিংস ব্যবধানে হারিয়ে ৩ দিনেই জয় তুলে নেয় স্বাগতিকরা।
প্রথম টেস্টের একাদশে জায়গা না পাওয়ায় কাউন্টি ডিভিশন টু-র শীর্ষ দল ডারহামের হয়ে ডার্বিশায়ারের বিপক্ষে খেলার অনুমতি পান তিনি। শনিবার সন্ধ্যায় সেই ম্যাচ জেতে ডারহাম।
ম্যাচ জয়ের পর রাতে ডার্বির একটি বারের বাইরে কার্সকে হাতকড়া পরা অবস্থায় ভিডিও করা হয়। ঠিক কী কারণে তাঁকে আটক করা হয়েছিল তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা না হলেও, পরবর্তীতে কোনো অভিযোগ ছাড়াই তাঁকে ছেড়ে দেওয়া হয়।
লর্ডসে দ্বিতীয় টেস্টের জন্য লন্ডনে ইংল্যান্ড দলে যোগ দেওয়ার নির্ধারিত সময়ের ঠিক ৪৮ ঘণ্টারও কম সময় আগে এই ঘটনা ঘটল।
