হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

হবিগঞ্জ প্রতিনিধি:
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, কোনো দেশের পানির গেট খুলে দেওয়ার কারণে যেন বাংলাদেশকে হঠাৎ বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার। হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর বাঁধ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন। দেড় মাসের ব্যবধানে একই এলাকায় দ্বিতীয়বার বাঁধ ভাঙনের ঘটনায় পরিস্থিতি পরিদর্শনে মঙ্গলবার দুপুরে সেখানে যান তিনি।

প্রতিবেশী দেশের সঙ্গে বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, আমরা স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। প্রতিবেশী যেকোনো দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই। সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে গেলে এভাবে প্লাবনে ফেলে দিয়ে এই অঞ্চলের মানুষকে বন্যাকবলিত করা যাবে না। তাহলে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও অটুট হবে।

খোয়াই নদীর কালীগঞ্জ এলাকায় দ্বিতীয়বার বাঁধ ভাঙনের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এ জন্য বিশেষজ্ঞদল নিয়ে ঘটনাস্থলে আসা হয়েছে। বিশেষজ্ঞরা বাঁধের বর্তমান অবস্থা যাচাইবাছাই করছেন। এখানে শুধু বাঁধ নির্মাণ যথেষ্ট হবে নাকি সুইসগেট স্থাপন করতে হবে—তা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ আগামী ১৫ দিনের মধ্যে বাঁধের প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। পাশাপাশি কাজের মান ও অগ্রগতি নিয়মিত তদারকির জন্য জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দেওয়া হয়।

পরিদর্শনকালে হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জিএম সরফরাজসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights