বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ পাঁচ জেলের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
বরগুনার পাথরঘাটার হাইরের চর সংলগ্ন বঙ্গোপসাগরে বৈরি আবহাওয়ার কবলে পড়ে এফবি বরকত ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর মঙ্গলবার গভীর সমুদ্র থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, গত ২১ আগস্ট দুপুর ১টার দিকে পাথরঘাটা থেকে যৌথ মালিক মো. আশরাফ আলী ও মো. বাদল মোল্লার মালিকানাধীন এফবি বরকত ১৩ জন জেলেকে নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। পরে বৈরি আবহাওয়া ও ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় আট জেলেকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ ছিলেন পাঁচজন।
তারা হলেন-নুর আলম (৪০), কাওসার (৩০), ইব্রাহিম মাঝি (২৮), সাইকুল (৩০) ও বেল্লাল (২২)। তাদের বাড়ি পাথরঘাটা উপজেলার গহরপুর, হাড়িটানা ও বাদুরতলা এলাকায়।
উদ্ধার হওয়া জেলে ও ট্রলারের বাবুর্চি ইউনুস মোল্লা জানান, সাগরে তখন প্রচণ্ড ঝড় ও ঢেউ চলছিল। হঠাৎ বড় একটি ঢেউয়ের আঘাতে ট্রলারটি উল্টে যায়। পরে আট জেলে প্রায় দুই ঘণ্টা সাগরে ভেসে থাকার পর অন্য একটি ট্রলারের সহায়তায় প্রাণে বাঁচেন।
ট্রলারের মালিক ও মাঝি মো. বাদল মোল্লা বলেন, গভীর সমুদ্র থেকে নিখোঁজ পাঁচ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। একটি ট্রলার মরদেহগুলো নিয়ে উপকূলের দিকে ফিরছে। পাথরঘাটায় পৌঁছাতে প্রায় তিন ঘণ্টা সময় লাগতে পারে।
দুর্ঘটনার পর নিখোঁজ জেলেদের উদ্ধারে ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে একটি উদ্ধারকারী ট্রলার সমুদ্রে পাঠানো হয়। দীর্ঘ অনুসন্ধানের পর মঙ্গলবার গভীর সমুদ্রে পাঁচ জেলের মরদেহের সন্ধান পাওয়া যায়।
গোলাম মোস্তফা চৌধুরী বলেন, গভীর সমুদ্রে ট্রলারডুবির খবর পাওয়ার পর নিখোঁজ জেলেদের উদ্ধারে দ্রুত একটি ট্রলার পাঠানো হয়। পরে পাঁচ নিখোঁজ জেলের মরদেহ পাওয়ার খবর পাওয়া গেছে। মরদেহগুলো উদ্ধার করে উপকূলে নিয়ে আসা হচ্ছে।
বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জিয়া উদ্দিন বলেন, নৌ পুলিশ ও কোস্ট গার্ডের সহযোগিতায় সাগর থেকে মরদেহগুলো উপকূলে নিয়ে আসা হচ্ছে।
পাথরঘাটা থানার ওসি মো. আলীম বলেন, তারাও লাশ পাওয়া গেছে বলে খবর পেয়েছেন। খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত কোন লাশ ঘাটে আসেনি। উদ্ধারকারী দলের সাথেও যোগাযোগের চেষ্টা চলছে।
