ভেনিস চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় গাজা বিষয়ক প্রামাণ্যচিত্র ‘নাজা’
অনলাইন ডেস্ক
বিশ্বখ্যাত ভেনিস চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতার তালিকায় যোগ হয়েছে ইসরায়েল-হামাস যুদ্ধের ভয়াবহতার চিত্র তুলে ধরা নতুন প্রামাণ্যচিত্র ‘নাজা’। উৎসব কর্তৃপক্ষ সোমবার আনুষ্ঠানিকভাবে এ কথা নিশ্চিত করেছে।
অস্কারজয়ী প্রামাণ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’-এর দুই প্রখ্যাত নির্মাতার যৌথ পরিচালনায় নির্মিত এই সিনেমাটি এ বছরের গোল্ডেন লায়ন পুরস্কারের দৌড়ে স্থান পাওয়া একমাত্র প্রামাণ্যচিত্র।
সংবাদমাধ্যমের প্রতিবেদন ও উৎসব কর্তৃপক্ষের দেওয়া সিনোপসিস অনুযায়ী, ‘নাজা’ ছবিটির মূল প্রেক্ষাপট গড়ে উঠেছে তেল আবিবের বিভিন্ন বহুতল ভবনের ছাদে রাতের আঁধারে ধারণ করা দৃশ্যাবলীর ওপর ভিত্তি করে। এতে মূলত গাজা যুদ্ধে সাধারণ ফিলিস্তিনি নাগরিকদের ওপর নেমে আসা ভয়াবহ সহিংসতা এবং তাদের প্রাণহানির হৃদয়বিদারক চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। ইসরায়েলি নির্মাতা ইউভাল আব্রাহাম ও রাচেল সোর যৌথভাবে এটি পরিচালনা করেছেন।
পরিচালক ইউভাল আব্রাহাম এবং রাচেল সোর ইতিপূর্বে অত্যন্ত প্রশংসিত ‘নো আদার ল্যান্ড’ প্রামাণ্যচিত্রটির অন্যতম পরিচালক ছিলেন, যা ২০২৫ সালে সেরা প্রামাণ্যচিত্র হিসেবে অস্কার জয় করে। ইসরায়েলি সেনাবাহিনীর দখলদারিত্ব ও বাড়িঘর ভাঙচুরের বিরুদ্ধে ফিলিস্তিনি সক্রিয়কর্মীদের লড়াই নিয়ে ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে নির্মিত সেই ছবিটি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছিল।
ভেনিস চলচ্চিত্র উৎসবে গাজা পরিস্থিতির ছায়া এটিই প্রথম নয়; গত বছরের আয়োজনেও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে উৎসব চত্বরে হাজার হাজার মানুষের বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায়। এর পাশাপাশি গত বছর ফিলিস্তিনি শিশু হিন্দ রাজাবের মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে নির্মিত কাওথার বিন হানিয়া পরিচালিত ‘দ্য ভয়েস অব হিন্দ রাজাব’ চলচ্চিত্রটি রূপালী সিংহ বা সিলভার লায়ন পুরস্কার অর্জন করেছিল।
আগামী ২ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ৮৩তম ভেনিস চলচ্চিত্র উৎসবের মূল বিচারক দলের নেতৃত্বে থাকছেন আন্তর্জাতিক খ্যাতিমান নির্মাতা ও অভিনেত্রী ম্যাগি জিলেনহাল, এবং তার দলে সদস্য হিসেবে যুক্ত রয়েছেন কাওথার বিন হানিয়াও। আগামী ১২ সেপ্টেম্বর উৎসবের সমাপনী দিনে মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
সূত্র: এপি
