ষড়যন্ত্র করে অগ্রযাত্রাকে কেউ ব্যাহত করতে পারবে না: এমপি খায়রুল কবির

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, একটি মহল চায় না বর্তমান সরকার সফল হোক। কারণ বিএনপি যেভাবে জনগণের জন্য কাজ করছে, আগামী ৫ বছরে তাদের রাজনীতি থাকবে না এটা তারা বুঝে গেছে। তারা শুধু বিরোধিতার জন্যই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। তিনি বলেন, ‘জনগণ আমাদের পাশে আছে, তাই কোনোরকম চক্রান্ত-ষড়যন্ত্র করে এই সরকারের অগ্রযাত্রাকে কেউ ব্যাহত করতে পারবে না।’

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে নরসিংদী সরকারি কলেজ প্রাঙ্গণে জেলা কৃষক দলের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি আরও বলেন, ‘বৈশ্বিক উষ্ণতার কারণে জলবায়ুর যে পরিবর্তন তা থেকে দেশের মানুষকে বাঁচাতে দলমত নির্বিশেষে সামাজিক আন্দোলনের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচিকে বাস্তবায়ন করতে হবে। আমাদের প্রধানমন্ত্রীর প্রতিটি পদক্ষেপ ইতিবাচক। ন্যায়-নীতি সততার সাথে তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’

নরসিংদী জেলা কৃষক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন। প্রধানবক্তা ছিলেন সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম বাবুল।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব এবং ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক দীপু হায়দার খানসহ জেলা ও স্থানীয় নেতারা।

অনুষ্ঠানে শিক্ষার্থী ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিভিন্ন প্রজাতির প্রায় ২ হাজার ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights