বক্সে মৃত নবজাতক, চিঠিতে লেখা ‘টাকা রেখে গেলাম, কেউ দাফন করুন’

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে বক্সের ভেতর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে ঘাটাইল থানা পুলিশ। মঙ্গলবার সকালে এলেঙ্গা-ভুঞাপুর আঞ্চলিক মহাসড়কের ঘাটাইল উপজেলার সিংগুরিয়া বাসস্ট্যান্ড এলাকার পশ্চিম পাড়া কবরস্থান জামে মসজিদের পাশ থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।

এসময় বক্সে থাকা নবজাতকের সাথে একটি চিরকূট ও ১ হাজার টাকা পাওয়া যায়। এতে লেখা ছিল, ‘দয়া করে আপনারা কেউ দাফন করুন, কিছু টাকা রেখে গেলাম। বাচ্চাটা ১২ ঘণ্টা বেঁচে ছিল।’

নবজাতকটি দেখতে স্থানীয় ও আশপাশের এলাকার বিভিন্ন লোকজন ভিড় করে। মসজিদের ইমাম গোলাম মোস্তফা বলেন, ফজরের নামাজ ও সকালে মক্তব শেষে বাড়িতে ধানের কাজ করছিলাম। সেসময় খবর আসে মসজিদের দরজার পাশে একটি রাইস কুকার ফেলে রাখা হয়েছে। রাইস কুকারের কার্টনটি দেখে কেউ কেউ ধারণা করছিল অন্যকিছু থাকতে পারে। তাই ভয়ে কেউ কার্টনটি খুলতে সাহস পাচ্ছিল না। এরপর মসজিদে এসে দেখি সামনের দরজার পাশে কার্টন। পরে মসজিদ কমিটির লোকজনদের সাথে নিয়ে কার্টনটি খুলে দেখি ফুটফুটে এক মৃত নবজাতক ও সাথে লেখা যুক্ত এক টুকরো কাগজ রয়েছে। পুলিশকে খবর দিলে নবজাতকটি উদ্ধার করে তারা।
এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে কার্টনসহ নবজাতকটির মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতাহাল শেষে থানায় নিয়ে আসা হয়। নবজাতকের মরদেহটি ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights