নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেছে একাধিক গ্রাম, নিহত ৭

অনলাইন ডেস্ক
নেপালের মধ্যাঞ্চলীয় পার্বত্য জেলা রাসুয়ায় ভোতেকোশি নদীতে আকস্মিক বন্যায় অন্তত সাতজনের মৃত্যুর হয়েছে। বুধবার ভোরে এ বন্যায় নদীতীরবর্তী একাধিক গ্রাম ও বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত ও ভেসে গেছে।

নেপালি সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, বুধবার বিকেল পর্যন্ত অন্তত ২৫ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযানে নেপালি সেনাবাহিনী, সশস্ত্র পুলিশ বাহিনী ও নেপাল পুলিশ অংশ নিয়েছে। এ কাজে ১৪টি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।

নেপাল-চীন সীমান্তের কাছে তিমুরে মোতায়েন সশস্ত্র পুলিশ বাহিনীর নয় সদস্য নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। বন্যায় বাজার এলাকা ও নিরাপত্তা পোস্টও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

বন্যার সঠিক কারণ এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। তবে নেপালের বন্যা পূর্বাভাস বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, অনানুষ্ঠানিক তথ্য অনুযায়ী তিব্বতে ভূমিধসের কারণে নদীর পানি সাময়িকভাবে আটকে গিয়ে পরে তা প্রবল স্রোতে নেমে আসতে পারে।

এদিকে লাসায় নিযুক্ত নেপালের কনসাল জেনারেল জানিয়েছেন, সীমান্তে মোতায়েন নিরাপত্তাকর্মীদের সঙ্গে চীনা কর্তৃপক্ষ যোগাযোগ স্থাপন করতে পারেনি।

কর্তৃপক্ষ ত্রিশূলী নদীর আশপাশের বাসিন্দাদের নদীতীর থেকে দূরে সরে নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জানিয়েছে। বন্যার প্রভাব নদীর নিম্নাঞ্চলে ধীরে ধীরে কমে আসবে বলে আশা করা হচ্ছে। তথ্যসূত্র: কাঠমান্ডু পোস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights