সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত হৃদয়ের দাফন সম্পন্ন, স্বজনদের কান্নায় ভারী মহিষডাঙ্গা
নাটোর প্রতিনিধি
সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নাটোরের নলডাঙ্গা উপজেলার মহিষডাঙ্গা গ্রামের রবিউল আওয়াল হৃদয়ের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শেষবারের মতো হৃদয়কে বিদায় জানাতে এসে কান্নায় ভেঙে পড়েন স্বজন ও এলাকাবাসী।
শুক্রবার সকাল ১০টায় ভাটোদ্বারা প্রাথমিক বিদ্যালয় মাঠে হৃদয়ের জানাজা অনুষ্ঠিত হয়। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
এর আগে, বৃহস্পতিবার রাতে দীর্ঘ প্রতীক্ষার পর সৌদি আরব থেকে হৃদয়ের মরদেহ নিজ বাড়িতে পৌঁছায়। মরদেহ বাড়িতে পৌঁছানোর পর থেকেই স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। প্রিয়জনের মরদেহ জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।
দুই ভাই ও এক বোনের মধ্যে হৃদয় ছিলেন সবার বড়। পরিবারের সচ্ছলতা ফেরানোর আশায় তিনি সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। সেখানে রিয়াদের মুসা সানিয়া এলাকার একটি সোফা কারখানায় কাজ করতেন তিনি। তবে পরিবারের মুখে হাসি ফোটানোর সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই আগুনে ঝরে যায় তার প্রাণ।
গত ৯ আগস্ট বাংলাদেশ সময় দুপুরে রিয়াদের ওই সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে হৃদয়সহ নাটোরের তিন প্রবাসী শ্রমিক নিহত হন। নিহত অন্য দুজন হলেন, নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের শামীম হোসেন এবং একই ইউনিয়নের শ্রীপুর গ্রামের সাব্বির হোসেন শুভ।
হৃদয়ের মরদেহ দেশে ফিরে দাফন সম্পন্ন হলেও এখনো দেশে ফেরেনি নিহত শামীম হোসেন ও সাব্বির হোসেন শুভর মরদেহ। প্রিয়জনের শেষ দেখার অপেক্ষায় রয়েছেন তাদের পরিবারের সদস্যরা।
