কুড়িগ্রামে জেলা জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি:
‘সবুজ করি’ স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামে পরিবেশকর্মী ও পরিবেশবাদী সংগঠকদের অংশগ্রহণে জেলা জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) ডিস্ট্রিক্ট ক্লাইমেট নেটওয়ার্ক, কুড়িগ্রামের আয়োজনে জেলা পরিষদ হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ডিস্ট্রিক্ট ক্লাইমেট নেটওয়ার্ক, কুড়িগ্রামের আহ্বায়ক ও গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান এম. রশিদ আলীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ।
প্রধান অতিথির বক্তব্যে সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, “কুড়িগ্রামকে পরিচ্ছন্ন ও সবুজ জেলা হিসেবে গড়ে তুলতে সামাজিক সংগঠন ও পরিবেশকর্মীদের সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পরিবেশ রক্ষা ও সবুজায়ন বাড়াতে জেলা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।”
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও কুড়িগ্রাম সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মীর্জা মো. নাসির উদ্দিন, উলিপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, সময় টেলিভিশনের সাংবাদিক বাদশাহ সৈকত ও বৃক্ষপ্রেমী আনোয়ার হোসেন।
আলোচনায় বক্তারা বলেন, শুধু বৃক্ষরোপণ করলেই পরিবেশ রক্ষার দায়িত্ব শেষ হয় না। রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শিশুদের ছোটবেলা থেকেই গাছ ও প্রকৃতির প্রতি ভালোবাসা তৈরি করতে হবে। এ ক্ষেত্রে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে পরিবেশ ও জীববৈচিত্র্য ক্রমেই হুমকির মুখে পড়ছে। এখনই সচেতনতা বাড়ানো এবং ব্যাপকভাবে বৃক্ষরোপণ ও সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে ভবিষ্যতে পরিবেশের ওপর এর বিরূপ প্রভাব আরও ভয়াবহ হতে পারে।
সম্মেলনে গ্রীন ভয়েস সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক রাইসুল ইসলাম রোমান, গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের শাহাদত হোসেন, বুড়াবুড়ী সামাজিক সংগঠনের সমন্বয়ক সাগর হোসেন, সবুজ পৃথিবী সংগঠনের সমন্বয়ক মনীষা খাতুন, বেলগাছা যুব সংগঠনের মিঠু, সংগঠক ও গণমাধ্যমকর্মী নূরনবী মিয়াসহ বিভিন্ন পরিবেশবাদী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সকল পরিবেশবাদী সামাজিক সংগঠনকে নিয়ে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাতে একটি কমিটি গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights