দিনাজপুরে আফাআউস কার্যালয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুর সদরের রাজবাটীতে অবস্থিত আল ফালাহ আম উন্নয়ন সংস্থার (আফাআউস) প্রধান কার্যালয়ে হামলা, ভাঙচুর, অর্থ লুটপাট ও কর্মকর্তা-কর্মচারীদের মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে সংস্থাটি।
রবিবার (৩০ আগস্ট ২০২৬) দুপুরে দিনাজপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন আফাআউসের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মামুন উর রশিদ। এ সময় সংস্থার কার্যনির্বাহী সদস্য তৈমুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক যাদব কুমার রায়, হিসাব ব্যবস্থাপক সাজ্জাদুল বারী, সমন্বয়কারী আবুল কালাম আজাদসহ অর্ধশতাধিক সদস্য ও কর্মকর্তা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে মামুন উর রশিদ বলেন, গত ২৭ আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মমতাজুল ইসলাম ও মো. আব্দুল মান্নান সরকারসহ কয়েকজনের নেতৃত্বে প্রায় ২০০ ব্যক্তি সংস্থার কার্যালয়ের সামনে জড়ো হন। পরে একপর্যায়ে তারা কার্যালয়ে প্রবেশ করে সিসি ক্যামেরা, দরজা, জানালা ও কাঁচের বেরিকেড ভাঙচুর করেন বলে অভিযোগ করা হয়।
এ সময় কর্মকর্তা-কর্মচারীদের আটকে রেখে মারধর ও গালিগালাজ এবং তাদের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন নেওয়ার অভিযোগ করা হয়। সদর-১ শাখার ক্যাশ থেকে প্রায় তিন লাখ টাকা নেওয়া হয়েছে বলেও দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, কয়েকজন কর্মকর্তার কাছ থেকে ২০০ ও ৩০০ টাকা মূল্যমানের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়। আটজন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে ইস্তফাপত্রে স্বাক্ষর নেওয়া এবং ৪২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগও করা হয়।
সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংস্থাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights