হরমুজ প্রণালীতে সমুদ্রমাইনের আঘাতে সুপার ট্যাঙ্কারে আগুন: আইআরজিসি

অনলাইন ডেস্ক
হরমুজ প্রণালীর দক্ষিণে নির্ধারিত পথের বাইরে দিয়ে চলাচলের সময় দুটি সমুদ্রমাইনের আঘাতে একটি সুপার ট্যাঙ্কারে আগুন ধরে যায়। পরে জাহাজটি সম্পূর্ণভাবে থেমে যায় বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশন গার্ডস কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী।

সোমবার সকালে দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী জানায়, কয়েক ঘণ্টা আগে এ ঘটনা ঘটে। নির্ধারিত নিরাপত্তাবিধি না মেনে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী অন্য জাহাজগুলোকেও একই পরিণতি ভোগ করতে হতে পারে বলে সতর্ক করেছে তারা।

বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালীর দক্ষিণে একটি অননুমোদিত পথ দিয়ে যাওয়ার চেষ্টা করার সময় সুপার ট্যাঙ্কারটি দুটি সমুদ্রমাইনের সংস্পর্শে আসে। এতে জাহাজটিতে ভয়াবহ আগুন ধরে যায় এবং এটি চলাচলের ক্ষমতা হারিয়ে সম্পূর্ণভাবে থেমে যায়।

আইআরজিসি নৌবাহিনী আরও জানায়, হরমুজ প্রণালীতে চলাচলের ক্ষেত্রে তাদের নির্ধারিত নৌ-নিরাপত্তা ও চলাচলবিধি মেনে চলা বাধ্যতামূলক। এসব বিধি লঙ্ঘনকারী জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করা হয়।

জাহাজ কোম্পানিগুলোকে সতর্ক করে বিবৃতিতে বলা হয়, মার্কিন সামরিক বাহিনীর প্ররোচনায় কোনো ধরনের ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নেয়া উচিত নয়। এতে জাহাজ, সম্পদ এবং নাবিকদের জীবন অপ্রয়োজনীয় ঝুঁকির মুখে পড়তে পারে। সূত্র: তাসনিম নিউজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights