সোনারগাঁয়ে যানজট নিরসনে সমন্বয়ের তাগিদ হুইপ নিজানের

অনলাইন প্রতিবেদক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় তীব্র যানজট ও জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর তাগিদ দিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান এমপি।

রবিবার (৩০ আগস্ট) চাঁদপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত হুইপ নিজানের সভাপতিত্বে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে জুম মিটিংয়ে এ তাগিদ দেওয়া হয়। সভায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ এলাকায় যানজটের কারণ ও ভবিষ্যতে তা নিরসনে করণীয় নিয়ে আলোচনা হয়।

এর আগে শনিবার (২৯ আগস্ট) সোনারগাঁয়ের আষাঢ়িয়ারচর সেতুতে জরুরি সংস্কারকাজ চলার কারণে ঢাকামুখী লেনে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে মহাসড়কে দীর্ঘ যানবাহনের সারি তৈরি হয়ে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন হুইপ নিজান।

সভায় যানজটের প্রধান কারণ হিসেবে সেতুর ঢাকামুখী লেনে বড় গর্তের কারণে এক লেনে যান চলাচল বন্ধ রেখে জরুরি মেরামত, মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ এবং সংস্কারকাজের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের ঘাটতিকে চিহ্নিত করা হয়।

এ ছাড়া সংস্কারকাজ শুরুর আগে গণমাধ্যমে আগাম প্রচার, প্রবেশমুখে সতর্কতামূলক বিলবোর্ড স্থাপন এবং বিকল্প পথের বিষয়ে যাত্রীদের জানানো প্রয়োজন ছিল বলে সভায় মত দেওয়া হয়। দীর্ঘ যানজটের সময় অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহন চলাচলের জন্য ট্রাফিক পুলিশের নিয়ন্ত্রণে বিকল্প পথ ব্যবহারের ব্যবস্থার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

হুইপ নিজান বলেন, সড়ক ও সেতু সংস্কারের মতো কাজের আগে পর্যাপ্ত প্রস্তুতি ও বিকল্প ব্যবস্থা রাখতে হবে। যানজট ও জনদুর্ভোগ এড়াতে সংশ্লিষ্ট দপ্তর-সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় জরুরি।

তিনি ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও সতর্কতা ও পূর্বপ্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights