নজরুল বর্ষ উপলক্ষে গাইবান্ধায় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
গাইবান্ধা প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে গাইবান্ধায় শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকালে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় শহরের স্বাধীনতা প্রাঙ্গণে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মনিরুজ্জামান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে ও শিরিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশিদ সরকার, সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব এবং জেলা কালচারাল অফিসার আসাদুজ্জামান।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, কবিতা ও সাহিত্যের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, নজরুল সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। নতুন প্রজন্মকে তাঁর আদর্শ ও সৃষ্টিকর্মের সঙ্গে পরিচিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানের শেষে নজরুলের রচিত কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করা হয়।
আগামী ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে নজরুল সংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয়, একক নৃত্য, হামদ-নাত ও ইসলামি সংগীত, গজল, উপস্থিত বক্তৃতা এবং রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এদিকে একই সময়ে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস সামাদ এবং গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
