নজরুল বর্ষ উপলক্ষে মুন্সীগঞ্জে সাংস্কৃতিক প্রতিযোগিতা
মুন্সীগঞ্জ প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সৃষ্টিকর্মের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেওয়া এবং শিক্ষার্থীদের মেধা ও সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে মুন্সীগঞ্জে শুরু হয়েছে সাংস্কৃতিক প্রতিযোগিতা।
‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সোমবার (৩১ আগস্ট) মুন্সীগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশ্রাফী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জুবায়ের হোসেন, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান, মুন্সীগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নিশাত নাহার, জেলা কালচারাল অফিসার মো. এরশাদ হাসান, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. আতিকুর রহমান টিপুসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সাংস্কৃতিক ব্যক্তিরা।
প্রতিযোগিতার বিভাগগুলোর মধ্যে রয়েছে— নজরুল সংগীত, নজরুলের কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয়, নৃত্য, হামদ-নাত, উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতা।
আয়োজকরা জানান, প্রতিযোগিতায় প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, মাধ্যমিক ও কারিগরি বিদ্যালয় (মাধ্যমিক পর্যায়), মাদ্রাসা, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন। আগামী ২ সেপ্টেম্বর থেকে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে এ প্রতিযোগিতা শুরু হবে।
