মেসির অবসর ঘোষণার পর স্ত্রী আন্তোনেলার আবেগঘন পোস্ট

আর্জেন্টিনার জাতীয় দল থেকে লিওনেল মেসির অবসরের খবরে আবেগঘন মুহূর্ত তৈরি হয়েছে বিশ্ব ফুটবল অঙ্গনে। সামাজিক যোগাযোগমাধ্যমেই নিজের বিদায়ের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার জার্সিতে কিংবদন্তি হয়ে ওঠা ১০ নম্বর এই তারকা। এরপর সতীর্থ থেকে শুরু করে সবাই আবেগঘন পোস্ট দিচ্ছেন। সেই পথেই হাঁটলেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। মেসির ক্যারিয়ারে অনেকটা জুড়েই রয়েছেন তিনি।

বিশ্ব ফুটবলের মহাতারকার প্রেমিকা থেকে স্ত্রী হয়ে ওঠার পুরো সফরটায় মেসির ভাল-খারাপ দুটো সময়ই দেখেছেন খুব কাছ থেকে। সেই অভিজ্ঞতাই ভাগ করে নিলেন সোশ্যাল মিডিয়ায়।

জাতীয় দলের হয়ে মেসির দীর্ঘ পথচলার নানা উত্থান-পতনের স্মৃতিচারণ করে ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, মেসিকে এভাবে একটি অধ্যায়ের সমাপ্তি টানতে দেখে তিনি ভীষণ গর্বিত।

আন্তোনেলার ভাষায়, ‘কত বছর, কত মুহূর্ত, কত আনন্দ; আবার কত হতাশা ও কঠিন সময়ও ছিল। আমি তোমাকে কষ্ট পেতে দেখেছি, পড়ে যেতে দেখেছি, আবার উঠে দাঁড়াতেও দেখেছি। যখন কিছুই তোমার পক্ষে যাচ্ছিল না, তখনও তোমাকে লড়াই করে যেতে এবং বারবার চেষ্টা করতে দেখেছি।’

দীর্ঘ এই যাত্রার শেষদিকে মেসির স্বপ্নপূরণের সাক্ষী হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করেন আন্তোনেলা। তিনি বলেন, ‘এত বছর পর আমি সৌভাগ্যবান যে তোমাকে নিজের স্বপ্ন পূরণ করতে দেখেছি এবং আমাদের জীবনের সবচেয়ে আনন্দের দিনগুলোর কিছু মুহূর্ত তোমার সঙ্গে ভাগ করে নিতে পেরেছি।’

মেসির প্রতিটি সাফল্য কিংবা ব্যর্থতার পেছনে সবসময়ই তার পরিবারের উপস্থিতি ছিল। সম্প্রতি মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুর পর পরিবারটি এমনিতেই শোকের আবহে রয়েছে। সেই প্রসঙ্গেও মেসিকে শুধু একজন ফুটবলার হিসেবে নয়, একজন বাবা হিসেবেও প্রশংসা করেছেন আন্তোনেলা।

তিনি লিখেছেন, ‘এই পুরো গল্পের একটি বিষয় আমাকে বিশেষভাবে আবেগাপ্লুত করে; আমাদের সন্তানরা সবকিছু নিজেদের চোখের সামনে থেকে দেখেছে। তারা দেখেছে, তাদের বাবা কীভাবে নিজের লক্ষ্যের জন্য লড়াই করেছে, কখনো হাল ছাড়েনি এবং শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস ধরে রেখেছে। এরপর তারা নিজের চোখে দেখেছে, সে কীভাবে সব অর্জন করেছে এবং বিশ্বকাপ উচিয়ে ধরেছে।’

মেসির তিন ছেলে; থিয়াগো (১৩), মাতেও (১০) ও চিরো (৮)। এখনও হয়তো তাদের বাবার অর্জনের বিশালত্ব পুরোপুরি উপলব্ধি করতে পারেনি তারা। আন্তোনেলা বলেন, ‘হয়তো একদিন তারা সত্যিই বুঝতে পারবে তোমার গল্প কতটা বিশাল। কিন্তু আজ তারা শুধু তাদের বাবাকে নিয়ে গর্বিত।’

বার্তার শেষাংশে মেসির প্রতি নিজের ভালোবাসা ও গর্বের কথা জানিয়ে আন্তোনেলা লেখেন, ‘আমি তোমাকে নিয়ে গর্বিত; তোমার পথচলা, তুমি যা কিছু অতিক্রম করে এসেছ এবং সবচেয়ে বেশি গর্বিত সেই মানুষটির জন্য, যে প্রতিটি মুহূর্তের পেছনে ছিল। তোমার পাশে থেকে এসব অভিজ্ঞতার অংশ হতে পারা কত বড় সৌভাগ্য! আমরা তোমাকে অসীম ভালোবাসি।’ সূত্র: টিওয়াইসি স্পোর্টস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights